নিজেস্ব প্রতিনিধিঃ

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের স্ত্রী শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ১১ টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দিলারা হাফিজ অসুস্থ্য থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে। বিশেষ করে লালমোহন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, লাঙ্গলখালী এর চেয়ারম্যান সফিকুল হক মিয়া অনুরূপ শোক প্রকাশ করেছেন।

মরহুমার জানাযা সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এদিকে দিলারা হাফিজের মৃত্যুতে ভোলার লালমোহন উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাজার ব্যবসায়ীরা তিন দিনের শোক ঘোষণা করেছেন।

শোক কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা উত্তোলন, মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মুনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা।

নিজেস্ব প্রতিবেদকঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুনভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (শনিবার, ২৮ মার্চ) রাতে মহাসড়কের ঢাকাগামী অংশের মোগড়াপাড়া সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামান। পরে স্থানীয় লোকজন ও ট্রাকের সহকারীরা মিলে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, পরিবহন খাতে সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত করা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বরিশালে র‌্যাব-৮ তাদের অভিযান জোরদার করেছে।

র‌্যাব-৮ সূত্র জানায়, টিকিট কালোবাজারি প্রতিরোধ, যাত্রী হয়রানি বন্ধ এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য নিয়ন্ত্রণের লক্ষ্যে বরিশালের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর করা এবং বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শনের বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন বাস টার্মিনাল ও ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করার পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৮ আরও জানায়, ঈদকে ঘিরে সক্রিয় হয়ে ওঠা চোর চক্র, টিকিট কালোবাজারি এবং অজ্ঞান ও মলম পার্টি দমনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

শেষ হচ্ছে পবিত্র রমজান মাস, এবং পুরো মুসলিম উম্মাহ এখন ঈদুল ফিতরের প্রস্তুতিতে ব্যস্ত। ঈদের চাঁদ দেখার জন্য সকলের মধ্যে বিশেষ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে।

মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা থাকলেও, বাংলাদেশে এটি সাধারণত এক দিন পরে উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি শনিবার (২১ মার্চ)।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠক করবে। সেইদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কমিটি চাঁদ দেখা গেলে ঈদ শুক্রবার (২০ মার্চ) হবে, চাঁদ না দেখা গেলে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ ) বৈঠক করবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের শুরু ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেছেন, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না, তাই বাংলাদেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রবল।

ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী প্রতি মাস ২৯ বা ৩০ দিনের হয়, যার ভিত্তি চাঁদের অবস্থানের ওপর নির্ভর করে। ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ঈদ প্রায় ১০ দিন করে এগিয়ে আসে।

সুতরাং, বাংলাদেশে চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করবে, তবে চলমান আভাস অনুযায়ী ঈদুল ফিতর হতে পারে ২০ বা ২১ মার্চ।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

খুলনায় দুর্বৃ‌ত্তের গু‌লি‌তে রা‌শিকুল আনাম রাশু (৪২) না‌মে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন।

সোমবার (১৬ মার্চ) বেলা ১২ টার দি‌কে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের সাম‌নে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন। বর্তমা‌নে তি‌নি যুবদ‌লের রাজনী‌তির সা‌থে জ‌ড়িত ছি‌লেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ১২ টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ত্যাগ করে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের খুঁজে গ্রেফতার করতে আমরা চারদিকে তৎপর রয়েছি।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

সিলেটে এবার ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। এছাড়াও ছিনতাইকারীরা ব্যবসায়ীর নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর আগে সিলেট নগরীতে আরো দুটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

ছিনতাইয়ের শিকার অপু ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন। ব্যবসায়ী অপু শেখপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও ‍পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী অপুকে ঘিরে ধরে। এ সময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। প্রাণভয়ে ওই ব্যবসায়ী তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন দিয়ে দেন। মুর্হুতের মধ্যেই ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এরও আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। সেই ঘটনার ভিডিও ফুটজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার নয়দিন পর গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনারও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

জ্বালানি তেলের সংকটের কারণে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)-এর বর্জ্য অপসারণ কার্যক্রম গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে জনদুর্ভোগ বেড়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে বর্জ্য অপসারণ কার্যক্রম আবারও শুরু করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, বর্জ্য পরিবহনে ব্যবহৃত রাসিকের গাড়িগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না থাকায় নিয়মিতভাবে ময়লা অপসারণ করা সম্ভব হচ্ছে না। এতে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও ডাস্টবিনে বর্জ্য জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও সেকেন্ডারি পয়েন্ট থেকে প্রধান সড়ক পর্যন্ত ময়লা ছড়িয়ে পড়েছে।

নগরীর সিটি বাইপাস এলাকার ঘোড়া চত্বরের সেকেন্ডারি পয়েন্ট ঘুরে দেখা গেছে, সেখানে ময়লার বুথ পুরোপুরি ভর্তি হয়ে গেছে। এমনকি প্রধান সড়কের এক পাশেও অনেক দূর পর্যন্ত ময়লা ছড়িয়ে রয়েছে। একই চিত্র দেখা গেছে নগরীর অন্যান্য সেকেন্ডারি পয়েন্টেও। বর্জ্য অপসারণ বন্ধ থাকায় অনেক এলাকায় বাড়ি বাড়ি থেকেও ময়লা সংগ্রহ করা হচ্ছে না।

এ অবস্থায় দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন নগরবাসী। তাদের আশঙ্কা, দীর্ঘ সময় ধরে ময়লা পড়ে থাকলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

নগরীর বিলসিমলা এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম বলেন, দুই থেকে তিন দিন ধরে এলাকার ডাস্টবিনের ময়লা অপসারণ করা হয়নি। এতে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চলাচলেও ভোগান্তি হচ্ছে।

ঘোড়া চত্বর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, এলাকাটি মেডিক্যাল জোন হওয়ায় প্রতিদিন এখানে প্রচুর বর্জ্য তৈরি হয়। নিয়মিত অপসারণ না হলে পরিবেশ দূষণ বাড়ে এবং স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

এ বিষয়ে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, জ্বালানি তেলের সরবরাহ না থাকায় শুক্রবার থেকে নির্ধারিত সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে ময়লা অপসারণ বন্ধ ছিল। তবে ইতোমধ্যে তেলের ব্যবস্থা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শনিবার রাত থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

সিল্কের এক একটি শাড়ি তিন থেকে ৫৫ হাজার, পাঞ্জাবি পাঁচ থেকে ২৫ হাজার এবং থ্রি-পিস ছয় থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
রাজশাহী সিল্কের পোশাকের কদর দেশজুড়ে। রোজার ঈদকে সামনে রেখে নগরের সিল্ক শোরুমগুলোতে বেড়েছে ক্রেতার উপস্থিতি। তবে দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও জমে উঠেছে রেশমি পোশাকের বিকিকিনি।

ব্যবসায়ীরা বলেছেন, ঈদকে সামনে রেখে ক্রেতাদের চাহিদা কয়েকগুণ বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত শোরুমগুলোতে ভিড় লেগেই আছে। পোশাকে নতুন ডিজাইন ও রঙের বৈচিত্র্য থাকায় তা ক্রেতাদের বেশ আকৃষ্ট করছে।

গেল দুই বছরের মন্দা কাটিয়ে এবার রাজশাহীর রেশম শিল্প আবার ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা রেশম মালিক সমিতির।

ঈদের বাড়তি চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন সিল্কপল্লির কারিগররা। তাদের নিপুণ হাতে তৈরি শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক এখন শোরুমগুলোতে শোভা পাচ্ছে। অনেক ক্রেতা ঈদে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও রেশমি পোশাক কিনছেন।

নগরের সপুরা সিল্কে স্ত্রীর জন্য শাড়ি আর নিজের জন্য পাঞ্জাবি কিনতে গিয়েছিলেন বারো রাস্তার মোড় এলাকার বাসিন্দা শফিক। তিনি বলেন, “পোশাকের দাম শুনে একটু বেশি মনে হয়েছে, তাই আপাতত না কিনেই চলে এসেছি।”

তবে একই শোরুমে কেনাকাটা করতে আসা হাবিবুর রহমান বলেন, “রাজশাহী সিল্কের আলাদা একটা ঐতিহ্য আছে। সেই তুলনায় দাম খুব বেশি মনে হয়নি। ঈদের জন্য একটা ভালো মানের পাঞ্জাবি কিনেছি।”

সপুরা সিল্কের ম্যানেজার সাইদুর রহমান বলেন, কাঁচামাল ও সুতার দাম বেড়ে যাওয়ায় রেশমি পোশাকের দাম কিছুটা বেড়েছে। সিল্কের সুতা মূলত চীন থেকে আমদানি করতে হয়। আমদানি ব্যয় বাড়ার কারণে পোশাকের দামও কিছুটা বেড়াতে বাধ্য হয়েছেন তারা।

তবে ঈদ উপলক্ষে অনেক শোরুমে ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলে জানান এ ব্যবসায়ী।

শোরুমগুলোতে বর্তমানে সিল্কের এক একটি শাড়ি তিন থেকে ৫৫ হাজার টাকা, পাঞ্জাবি পাঁচ থেকে ২৫ হাজার টাকা এবং থ্রি-পিস ছয় থেকে সর্বোচ্চ ৩২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, নগরীতে বর্তমানে প্রায় ১০টির মতো বড় সিল্ক শোরুম রয়েছে। ঈদকে কেন্দ্র করে এসব শোরুমে প্রতিদিনই কয়েক কোটি টাকার রেশমি পোশাক বেচাকেনা হচ্ছে।

রাজশাহী রেশম মালিক সমিতির সভাপতি লিয়াতক আলী বলেন, বর্তমানে দেশে সিল্কের সুতার চাহিদা প্রায় ৪০০ টন। তবে দেশে উৎপাদন হচ্ছে মাত্র ৪১ টন। ফলে রাজশাহীর রেশম কারখানাগুলোকে এখন অনেকটাই নির্ভর করতে হচ্ছে চীন থেকে আমদানি করা সুতার ওপর।

তিনি বলেন, এক সময় রেশমের কাপড় দিয়ে মূলত শাড়ি ও পাঞ্জাবি তৈরি হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবহার বেড়েছে। এখন শাড়ি-পাঞ্জাবির পাশাপাশি থ্রি-পিস, শার্ট, ফতুয়া এবং শিশুদের বিভিন্ন ধরনের পোশাকও তৈরি হচ্ছে। এ কারণে আগের তুলনায় সিল্কের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

লিয়াতক আলী বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর যে দুই-তিনটি ঈদ গেছে, সে সময় সিল্ক পণ্যের বিক্রি তুলনামূলক কম ছিল। এতে অনেক রেশম কারখানাই লোকসানের মুখে পড়ে। তবে চলতি মৌসুমে পরিস্থিতি কিছুটা বদলেছে। আগের তুলনায় বিক্রি বেড়েছে এবং শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতিও বেশি দেখা যাচ্ছে।

তিনি বলেন, গত দুই বছরের মন্দা কাটিয়ে এবার রাজশাহীর রেশম শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে। ঈদকে ঘিরে বাড়তি বিক্রি এ শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছে এ ব্যবসায়ী নেতা।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসে (আইবিএসসি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমফিল/পিএইচডি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন আগ্রহীরা আগামী ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের অন্যান্য শর্তাবলি আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমফিল/পিএইচডি ভর্তি পরীক্ষা বিশেষ কারণে ৩/৩/২০২৬ ইং তারিখের পরিবর্তে আগামী ১১/৪/২০২৬ ইং তারিখ (শনিবার) বেলা ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। উক্ত পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস পূর্ণকালীন দুই বছর মেয়াদি এমফিল ও তিন বছর মেয়াদি পিএইচডি কোর্সে ভর্তি নেবে। জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা তথা সিন্ডিকেট অনুমোদিত আইবিএসসির অধিভুক্ত বিভাগগুলো থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ভর্তিপ্রাপ্ত গবেষকেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এবং ইবাসার একাডেমিক কমিটি কর্তৃক নির্ধারিত এমফিল প্রোগ্রামের জন্য ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা এবং পিএইচডির জন্য ২০,০০০/- (কুড়ি হাজার) টাকা মাসিক ফেলোশিপ পাবেন। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদপত্র ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তির প্রাথমিক আবেদনপত্রে সরবরাহকৃত তথ্যাদি ভুল প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। চাকরিরত প্রার্থীকে এমফিল কোর্সে গবেষণার জন্য ১ (এক) বছর এবং পিএইচডির জন্য ২ (দুই) বছরের ছুটি পাবেন মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে সম্মতিপত্র অবশ্যই আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

২০০১, ২০০২, ২০০৩ সালের এসএসসি বা সমমান এবং ২০০৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল অনুযায়ী এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

রংপুরে দেড় বছর বয়সি শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতরা হলেন- সূচনা ঘোষ (৪০) ও তার ছেলে জয়দেব ঘোষ।

পুলিশ জানায়, ওই এলাকার শংকর ঘোষের (৪৫) স্ত্রী সূচনা ঘোষ তার দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে নিজে আত্মহত্যা করেন। বিষয়টি জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখতে পায় তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। ওই গৃহবধূর পূজা ঘোষ নামের আরেক মেয়ের বিয়ে হয়েছে। গৃহবধূর স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র মুদি দোকানি।

স্বামী শঙ্কর ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তার স্ত্রী। বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার ধারণা, মানসিক অবসাদগ্রস্ত থেকেই ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন তার স্ত্রী।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ছিল পরিবারটিতে। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটছে তা তদন্তের পর জানা যাবে।