দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

দীর্ঘ দেড় বছর আহবায়ক কমিটির অধীনে পরিচালিত হওয়ার পর অবশেষে নির্বাচনের মুখ দেখছে খুলনা জেলা আইনজীবী সমিতি। আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। তবে এই নির্বাচনকে ঘিরে শুধু উৎসবমুখর পরিবেশই নয়, বরং পেছনের দীর্ঘ বিলম্ব ও প্রশাসনিক ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

নির্বাচনে ১৪টি পদে চারটি প্যানেলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১ হাজার ২০২ জন। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে টানা ভোটগ্রহণ চলবে।

সমিতি প্রাঙ্গণে ঘুরে দেখা গেছে, নির্বাচনী আমেজে সরগরম পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন, প্যানা ও পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। প্রার্থীদের ছবি সংবলিত হ্যান্ডবিল হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটারদের কাছে। তবে এই দৃশ্যের আড়ালে রয়েছে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার ক্ষোভও।

নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ৫ আগস্টের পর তিন মাসের জন্য একটি এডহক কমিটি গঠন করা হয়, যার মূল দায়িত্ব ছিল দ্রুত নির্বাচন আয়োজন করা। কিন্তু নির্ধারিত তিন মাস তো দূরের কথা, প্রায় দেড় বছরেও নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ওই কমিটি। এতে করে সমিতির গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা মো. ফরহাদ হোসাইন বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমরা কাজ করছি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট শেখ আব্দুল আজিজ, সদস্য হিসেবে রয়েছেন এডভোকেট এস এম মনজুর কাদের ও এডভোকেট এস এম মুজিবর রহমান।

নির্বাচনে অংশ নেওয়া চারটি প্যানেলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী প্যানেল এবং সম্মিলিত পরিষদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী এডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ বলেন, আইনজীবী সমিতি একটি পেশাজীবী সংগঠন। এখানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। আমরা চাই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক এবং যোগ্য নেতৃত্ব উঠে আসুক। আমাদের প্যানেল বিজয়ী হলে সকল সদস্যের স্বার্থ রক্ষায় কাজ করব।

অন্যদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী এডভোকেট মো. আবুল খায়ের বিলম্বিত নির্বাচন নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বলেন, তিন মাসের জন্য গঠিত এডহক কমিটি নির্ধারিত সময়ে নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। আমরা চাই, এবার একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং ভবিষ্যতে এমন বিলম্ব আর না ঘটে।

এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সমিতির কার্যক্রমে স্থবিরতা এসেছে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব ছিল বলেও অভিযোগ করেন তারা।

বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং সমিতির গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিশেষ করে এডহক কমিটির দীর্ঘ মেয়াদ এবং তার কার্যকারিতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার উত্তরও অনেকটা নির্ভর করছে এই নির্বাচনের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতার ওপর।

সব মিলিয়ে, ভোটারদের প্রত্যাশা স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন। এখন দেখার বিষয়, দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচন কতটা আস্থা ফিরিয়ে আনতে পারে খুলনা জেলা আইনজীবী সমিতির অভ্যন্তরে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারকে বদলি করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) মিজ হুরে জান্নাতকে খুলনা জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) খুলনাসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

ইহিতাস থেকে জানা গেছে, ১৮৪২ সালে খুলনা এলাকাটি যশোর জেলার মহকুমা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। পরবর্তীতে রূপসা নদীর তীরের নতুন উদীয়মান এই খুলনার ক্রমবর্ধমান ভৌগোলিক গুরুত্ব ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় প্রশাসনিক সুবিধার্তে ১৮৮১ সালে খুলনাকে আলাদা জেলার মর্যাদা দেওয়া হয়। পরে অবকাঠামো নির্মাণ শেষে ১৮৮২ সালে সাতক্ষীরা মহাকুমাকে নতুন গঠিত এই খুলনা জেলায় যুক্ত করে খুলনা জেলা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এবারই প্রথম নারী জেলা প্রশাসক পেল খুলনা।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

খুলনা প্রেসক্লাবের ‘বার্ষিক নির্বাচন-২০২৬’ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ক্লাবের সাধারণ পরিষদের মুলতবি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

সভায় খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও অডিটর নিয়োগ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ মার্চ সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ এপ্রিল বিকাল ৪টায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায়।

৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল (প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) মনোনয়নপত্র বিলি করা হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ এপ্রিল বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ১২ এপ্রিল সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই দিন সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে।

১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বেধে দেওয়া হয়েছে।

২০ এপ্রিল বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বার্ষিক সাধারণ সভা ২৯ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

৩০ এপ্রিল ‘বার্ষিক নির্বাচন ২০২৬’ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ এবং পরপরই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

বরিশালে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, মজুতদারি ও অনিয়ম প্রতিরোধে জেলার ২৯টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। ২৮ মার্চ জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

বরিশাল সদর উপজেলায় নথুল্লাবাদ, নতুন বাজার, সাগরদী, রূপাতলী, দপদপিয়া ও চরকাউয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক ফিলিং স্টেশনে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য নিয়ন্ত্রক ও নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে বরিশাল অটো সার্ভিস ফিলিং স্টেশন, ইসরাইল ভালুকদার ফিলিং স্টেশন, কলেজ রোড ফিলিং স্টেশন, চোস্ট ফিলিং স্টেশন, নিলি ফিলিং স্টেশন, রূপাতলী ফিলিং স্টেশন, হাজী ফিলিং স্টেশন, তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস, শাওন ফিলিং স্টেশন, শেষ ফিলিং স্টেশন, ইছাকারী ও সুন্নতী ফিলিং স্টেশন, রাজি ফিলিং স্টেশন, ইউনিক ফিলিং স্টেশনসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলোতে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

উজিরপুর উপজেলায় কামিনি, সাকুরা, সাজু ও মহিউদ্দিন ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ট্যাগ অফিসার করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়া ফিলিং স্টেশনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গৌরনদী উপজেলায় আরিফ, আশোকারী, মা ও সেন্ট পিটার্স ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও সমবায় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

বাকেরগঞ্জ উপজেলায় হাওলাদার, মিশু, জোবায়দা ও এম খান ফিলিং স্টেশনে খাদ্য নিয়ন্ত্রক, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাদের ট্যাগ অফিসার করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট পাম্পে নিয়মিত তদারকি করবেন এবং জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করবেন। কোনো ধরনের কৃত্রিম সংকট, মজুতদারি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বরিশালের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন, ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং দ্রুতই জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে।

জেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসারদের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—পাম্পে প্রতিদিন জ্বালানি তেলের মজুত ও বিক্রয়ের হিসাব যাচাই করা,

নির্ধারিত দামে তেল বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিত করা, কোনো ধরনের কৃত্রিম সংকট বা মজুতদারি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, ভোক্তাদের অভিযোগ তাৎক্ষণিকভাবে গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, নিয়মিতভাবে মনিটরিং অফিসারদের কাছে প্রতিবেদন প্রদান করা।

এদিকে ভুক্তভোগী সাধারণ মানুষের প্রত্যাশা— প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়নে কঠোরতা বজায় রাখা হলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে বাজার।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

অবশেষে বরিশাল সেক্টরে একটি ফ্লাইট বাড়িয়ে যাত্রীবান্ধব সময়সূচী নিয়ে ফিরল বিমান। রোববারই নতুন গ্রীষ্মকালীন সময়সূচী অনুযায়ী ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় যাত্রী বোঝাই ‘ড্যস-৮ কিউ ৪০০’ মডেলের ৭৪ আসনের এস ২-একেই নম্বরের ‘বিজি-৪৭১ ফ্লাইট’টি নিয়ে ক্যাপ্টেন রাইহান আহমেদ মাত্র ২৫ মিনিটের মধ্যে বরিশাল বিমান বন্দরের রানওয়ে স্পর্ষ করেন। বরিশাল থেকেও পূর্ণ লোড নিয়ে ‘বিজি-৪৭২’ ফ্লাইটটি সকাল ৯.৫০টায় উড়ান দিয়ে সোয়া ১০টার মধ্যে ঢাকায় অবতরন করে।

বিমান-এর এ নতুন সময়সূচী নিয়ে যাত্রীদের কাছ থেকে সন্তুষ্টির কথা শোনা গেলেও সবাই বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি চট্টগ্রাম-বরিশাল-যশোর রুটে সপ্তাহে অন্তত দুদিন ফ্লাইট পরিচালন’রও দাবী জানিয়েছেন।
২৬ মার্চ থেকে কার্যকর বিমান’র গ্রাষ্মকালীণ সময়সূচীতে বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেলে সাড়ে ৪টায় ও বরিশাল থেকে ৫.৪৫ টায় এবং শুক্র ও রোববার ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ও বরিশাল থেকে সকাল ৯.৫৫টায় বিমান’র ফ্লাইট চলাচল করবে বলে জানা গেছে।

সদ্যসমাপ্ত শীতকালীন সময়সূচী নিয়ে বরিশাল সেক্টরের যাত্রীরা চরম ক্ষুদ্ধ ছিলেন। এমনকি ইতোপূর্বে চলাচলকারী ৩টি ফ্লাইট সংখ্যা দুটিতে হ্রাস করা নিয়েও যাত্রী সাধারন সহ সর্বমহলে ব্যপক ক্ষোভ ছিল। এমনকি শীতকালীন সময়সূচীতে বরিশাল সেক্টরে ফ্লাইটও একটি হ্রাস করা হয়েছিল। বিষয়টি নিয়ে যাত্রী সহ সাধারন মানুষের ব্যপক ক্ষোভের প্রেক্ষিতে গ্রীষ্মকালীণ সময়সূচীতে ৩টি ফ্লাইট চালুর পাশাপাশি যাত্রী বন্ধব সময় সূচীতে ফিলল বিমান। বিষয়টি নিয়ে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষন কমিটিও ইতোপূর্বে মানব বন্ধন সহ প্রধানমন্ত্রী ও বিমান মন্ত্রী বরাবরে স্মারকলিপি পেস করে।

তবে রোববার থেকে কার্যকর গ্রীষ্মকালীন সময়সূচীতে যাত্রী চাহিদা অনুযায়ী দক্ষিণাঞ্চলের একমাত্র বরিশাল বিমান বন্দরে ১টি ফ্লাইট বৃদ্ধির কথা বলা হলেও নিয়মিত ফ্লাইটের বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র মতে, অভ্যন্তরীণ সেক্টরের জন্য বিমান-এর ৫টি কানাডিয়ান ‘ড্যাস-৮ কিউ-৪০০’ উড়জাহাজের বর্তমানে অবশিষ্ট আছে মাত্র ৩টি। যারমধ্যে প্রায়সই ১টি রক্ষণাবেক্ষন সহ কারিগড়ি ত্রুটির জন্য পরিচালনের বাইরে রাখতে হয়। ফলে ২টি উড়জাহাজের মাধ্যমে দেশের ৭টি বিমান বন্দর ছাড়াও আঞ্চলিক রুটে ফ্লাইট পরিচালন দুরুহ। এসব বিবেচনায় বরিশাল সেক্টরেও চাহিদা অনুযায়ী ফ্লাইট পরিচালন সম্ভব হচ্ছেনা বলে বিমান-এর একাধিক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারী কাটিয়ে ২০২১-এর ২৬ মার্চ সকালে সম্পূর্ণ যাত্রীবান্ধব সময়সূচী ও নিয়মিত ফ্লাইট নিয়ে বরিশালের আকাশে আবার ডানা মেলেছিল বিমান। যাত্রী চাহিদা অনুযায়ী সেসময় বৃহস্পতিবার বিকেলে এবং সপ্তাহের অন্য ৬দিন সকালে নিয়মিত ফ্লাইট পরিচালন শুরু করলে বিমান-এ ভ্রমনে যাত্রীদের আগ্রহ ফিরে আসে। কিন্তু পদ্মাসেতু চালুর অজুহাত তুলে বাস্তবতাকে বিবেচনায় না নিয়ে আকষ্মিকভাবেই বিমান কতৃপক্ষ ২০২২-এর আগষ্টের প্রথমভাগে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করে।

বিষয়টি নিয়ে সাধারন মানুষের ক্ষোভ ও হাতাশার কথা বিমান কতৃপক্ষ জানলেও তা কখনো আমলে নেয়নি। এমনকি বিমান-এর বরিশাল সেলস অফিসে পতিত সরকারের সুবিধাভোগী প্রেতাত্বা বিগত সরকারের মত বর্তমান সরকার আমলেও নানা ধরনের কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ রয়েছে। ২০২৩-এর অক্টোবর পর্যন্ত বরিশাল বিক্রয় অফিসে প্রতি মাসে অভ্যন্তরীন ও অন্তর্জাতিক রুটের ৯০-৯৫ লাখ টাকার টিকেট বিক্রী হলেও পরে তা ১০-১৫ লাখ টাকায় নেমে আসে। কিন্তু বিমানের সদর দপ্তর বিষয়টি আমলে নিয়ে কোন প্রতিকারমূলক ব্যবস্থা দুরের কথা তদন্ত পর্যন্ত করেনি বলেও অভিযোগ উঠেছে।

এসব বিষয়ে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষন কমিটির সভাপতি এ্যডভোকেট নজরুল ইসলাম রাজন হতাশার সাথে ক্ষোভ প্রকাশ করে, অবিলম্বে বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি চট্টগ্রাম-বরিশাল-যশোর বিমান-এর ফ্লাইট চালুর দাবী জানিয়েছেন। পাশপাশি বািরশাল সেলস অফিসে রাজস্ব আয় হ্রাসের সঠিক কারণ উদঘাটন সহ দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করারও দাবী জানিয়েছেন তিনি।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

বরিশাল, ২৯ মার্চ,২০২৬(বাসস):ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন।

আজ রোববার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী ইতি (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতরা হলেন নিহতের মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং অপর এক যাত্রী পবিত্র মজুমদার (৫০)।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ডান পাশের খাদে পড়ে যায়।

ওসি জানান, এসময় ওই বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজনকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করে।

আহতদের মধ্যে একজনকে আশংকাজনকবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপরই গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ক্লিন স্কুল, নো মসকিউটো’ শিরোনামে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করা হয়েছে।

দীর্ঘ ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এডিস মশার বিস্তার ও ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে ডিএনসিসি আজ শনিবার থেকে বিশেষ এ অভিযান শুরু করা হয়েছে।

আজ সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উদ্বোধনকালে তিনি বলেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসছে। এই সময়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দীর্ঘ ছুটির পর স্কুল-কলেজ খুলছে। এসব ক্যাম্পাসে যাতে এডিস মশার প্রজনন না ঘটে, সেজন্য বিশেষ গুরুত্ব দিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও যোগ করেন, মশার বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। একটি বাসযোগ্য, মশামুক্ত ও দুর্গন্ধমুক্ত শহর গড়াই ডিএনসিসির লক্ষ্য।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি এলাকার আওতাধীন ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অভিযানের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে তিন দিনের ক্র্যাশ প্রোগ্রাম, এডিসের আবাসস্থল ধ্বংস ও কীটনাশক প্রয়োগ।

ক্র্যাশ প্রোগ্রামে আগামী তিন দিন ৫৩৬টি স্কুল, কলেজ ও মাদরাসায় সমন্বিত মশক নিধন কার্যক্রম চলবে। এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে সেগুলো ধ্বংস করা হবে। বন্ধ শ্রেণিকক্ষ, স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় লার্ভিসাইডিং (লার্ভা নিধন) এবং অ্যাডাল্টিসাইডিং (উড়ন্ত মশা নিধন) করা হবে।

এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হবে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং-২০২৬’-এ জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গতকাল শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ মার্চ বিষয়ভিত্তিক এই র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে কিউএস। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল।

এবারও আলাদা দুটি ক্যাটাগরিতে (বিভাগ) র‍্যাঙ্কিং করা হয়। প্রথম ক্যাটাগরিতে (প্রধান বিষয়) পাঁচটির মধ্যে র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটিতে স্থান হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে (নির্দিষ্ট বিষয়) ৫৫টি বিভাগের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের স্থান হয়েছে।

কিউএস বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্রড সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ের মধ্যে সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭১তম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ বৈশ্বিকভাবে ৩০১ থেকে ৩৭৫তম–এর মধ্যে, ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিকস বিভাগ ৩০১ থেকে ৩৫০তম–এর মধ্যে এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০তম-এর মধ্যে অবস্থান করছে।

ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে, র‍্যাঙ্কিংয়ে অবস্থান ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত রসায়ন বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে, পরিবেশবিজ্ঞান ৪০১ থেকে ৪৫০-এর মধ্যে, পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে অবস্থান করছে।

লাইফ সায়েন্স ও মেডিসিনের ব্রড সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি। তবে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত জীববিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৫১ থেকে ৭০০-এর মধ্যে অবস্থান করছে।

ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে, মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল ও ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০১ থেকে ৫৭৫-এর মধ্যে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

নিজেস্ব প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩১তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক নেতা ও বর্তমানে দলটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তবে ব্যক্তিগত বা দলীয় বিবেচনায় নয়, বরং যোগ্যতা ও মেধাকেই প্রাধান্য দিতে চান তিনি।

চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। একইসঙ্গে ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি।

আলাপচারিতায় তিনি আরও বলেন, দলীয় বিবেচনায় নিয়োগ নিয়ে সমালোচনা থাকাটা অস্বাভাবিক নয়। তবে দলের ঊর্ধ্বে উঠে যোগ্যতা ও মেধাকেই প্রধান্য দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ওবায়দুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের ধরন বদলে গবেষণাধর্মী করার চেষ্টা করবেন। এ জন্য ফান্ড বাড়াতে অ্যালামনাই-ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্কও জোরদার করতে চান।

উপাচার্যের দলীয় পরিচয়ের কারণে হলে হলে গেস্টরুম, র‍্যাগিং বা নির্যাতনের সংস্কৃতি ফিরে আসবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি আশ্বাস দেন, ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখার।

উপাচার্য আরও বলেন, বিদেশি শিক্ষক-শিক্ষার্থী বাড়ানো এবং র‍্যাংকিংয়ের সূচক উন্নয়নে কাজ করা হবে।

নিজেস্ব প্রতিবেদকঃ

সিলেট ঘেঁষে সুনামগঞ্জের ছাতক উপজেলার অবস্থান। সিলেট থেকে ছাতক পর্যন্ত রেলপথ আছে। শুধু ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত মাত্র ৩৪ কিলোমিটার রেলপথ নেই। এটি বাস্তবায়নের মাধ্যমে সুনামগঞ্জবাসীর জীবনমানের ইতিবাচক উন্নয়ন সম্ভব।

এটা সম্ভব করতে প্রকল্প হাতে নিচ্ছে সরকার।

ইতোমধ্যেই পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে ‘সুনামগঞ্জ জেলা সদরে রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইন’ শীর্ষক প্রকল্পের প্রস্তাব করেছে রেলওয়ে মন্ত্রণালয়। ১০ কোটি টাকা ব্যয়ে আগামী এক বছরের মধ্যেই সমীক্ষার কাজ সম্পন্ন করে মূল প্রকল্প হাতে নেবে সরকার।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক টপোগ্রাফিক সার্ভে অনুযায়ী ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রুটের দৈর্ঘ্য ২৭ থেকে ২৮ কিলোমিটার।
আলোচ্য প্রকল্পের আওতায় ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাই করা হবে। পরবর্তীতে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণ করা গেলে একটা বৃত্তাকার রেলপথ তৈরি হবে। এই রেলপথ হাওর অঞ্চলের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।

সুনামগঞ্জ জেলা হাওর, বাওর ও প্রাকৃতিক অঞ্চল হওয়ায় প্রকল্পটি চ্যালেঞ্জের সঙ্গে নিয়েছে সরকার।

প্রথমে সমীক্ষা প্রকল্পের আওতায় এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান ও এনভায়রনমেন্টাল মনিটরিং প্ল্যান করা হবে। পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব দূর করেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে।

সুনামগঞ্জে রেললাইন নির্মাণ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, হাওরবাসীসহ আমার দীর্ঘদিনের স্বপ্ন এই এলাকায় রেলপথ নির্মাণ করা। অবশেষে সেই উদ্যোগ নিতে যাচ্ছি। আমরা প্রথমে ছাতক থেকে সুনামগঞ্জ সদর পর্যন্ত রেলপথ নিয়ে যাবো।
পরবর্তীতে নেত্রকোনো ও ময়মনসিংহের সঙ্গে রেলপথে যুক্ত করা হবে সুনামগঞ্জ জেলাকে।

তিনি আরও বলেন, হাওরবাসীর উন্নয়নে আমরা যোগাযোগ ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিচ্ছি। যত দ্রুত সম্ভব আমরা ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ করবো।