অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান, অসাধুদের অপপ্রচার!

২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা

 

 

পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিস্তার রোধে বরিশাল বিভাগে কঠোর অবস্থানে রয়েছে পরিবেশ অধিদপ্তর। প্রয়োজনীয় জনবল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংকটসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে। এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি নভেম্বর মাসে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ইতোমধ্যে ২৫টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪টি ইটভাটার ড্রাম ও চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং বাকি ১১টি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশের আট বিভাগের অবৈধ ইটভাটা বন্ধে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশনা বাস্তবায়নে বরিশাল বিভাগেও অভিযান জোরদার করা হয়েছে। পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখাতে চায় না অধিদপ্তর। তবে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে কর্মকর্তাদের। এদিকে কঠোর অবস্থানের কারণেই একটি স্বার্থান্বেষী মহল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অধিদপ্তর সুত্রে জানা গেছে, পর্যাপ্ত জনবল না থাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংকট এবং অভিযানে প্রয়োজনীয় পুলিশ সদস্যের স্বল্পতা কার্যক্রমকে কঠিন করে তুলেছে। বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন পর্যায়ে প্রায় ২০টি পদ শূন্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সীমিত জনবলেই অভিযান পরিচালনা করতে হচ্ছে।
বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুদ্দীন আহমেদ বলেন, আমাদের পর্যাপ্ত জনবল নেই। তারপরও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক সময় প্রভাবশালী মহলের বাধার মুখে পড়তে হয়। এসব কারণে বিভিন্ন ধরনের অপপ্রচারও চালানো হচ্ছে। তবে আইন অনুযায়ী আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের মধ্যেই বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামকে জড়িয়ে উপস্থাপিত বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন জানিয়ে সচেতন মহল উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
তাঁদের অভিযোগ, কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী চক্র এবং বিগত সরকারের সুবিধাভোগী কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে পরিবেশ অধিদপ্তর ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
সচেতন ব্যক্তিদের মতে, কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত। কিন্তু যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অহেতুক।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, ২০২৫-২৬ অর্থবছরে পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নে কঠোরভাবে কাজ করা হয়েছে। এ সময়ে এক কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। বর্তমানেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনায় কঠোর নির্দেশনা রয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অধিদপ্তর কঠোর ও সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেট ও জনবল সংকট আমাদের কার্যক্রমের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে বিভাগের জেলা প্রশাসনের কার্যালয়গুলোতে সহযোগিতা চাওয়া হয়েছে। সীমিত সক্ষমতার মধ্যেও উচ্ছেদ অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযানের সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে অভিযানের সময় শ্রমিকদের একত্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়। পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকায় পরিস্থিতি সামাল দেওয়াও কঠিন হয়ে পড়ে। এরপরও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান থেমে থাকবে না।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, অবৈধ ইটভাটার কারণে বায়ুদূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু অভিযান পরিচালনা নয়, অবৈধ ইটভাটার মালিকদের আইনের আওতায় আনা, নিয়মিত নজরদারি এবং পরিবেশবান্ধব ইট উৎপাদনব্যবস্থার প্রসারও জরুরি।
একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং অভিযানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিশ্চিত করা প্রয়োজন। এতে মাঠপর্যায়ে অভিযান আরও কার্যকর ও গতিশীল হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে সব মহল সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবে অযাচিত চাপ যেন জনস্বার্থসংশ্লিষ্ট পরিবেশ সংরক্ষণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সেটিও নিশ্চিত করা জরুরি।
পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না।

বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন

 

নিজস্ব প্রতিবেদক
বিএনপির রাজনীতি করবেন, অথচ বক্তব্য ও আচরণে আওয়ামী লীগের আদর্শ অনুসরণ করবেন-এমন দ্বৈত অবস্থান মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো-তা হবে না। যারা এ ধরনের আচরণ করছেন, তাদের চিহ্নিত রাখতে হবে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণেই ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময় দেশের কোটি কোটি মানুষ রাজপথে নেমে গণআন্দোলনে অংশ নেন। জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের অভ্যন্তরে কোনো ধরনের বিভেদ, বিভাজন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিহত করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসন এবং বুদ্ধিজীবীদের একটি অংশ তাঁদের আহ্বানে সাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে ভূমিকা রেখেছেন।
তিনি আরও অভিযোগ করেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ যে ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম, মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত
সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান
স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বরিশালের লেবুখালী সেনানিবাসে বীরশ্রেষ্ঠদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, কেক কাটা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় সেনানিবাসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ০৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাজেদুর রহমান।
বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে বরিশাল অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমনসহ আমন্ত্রিত অতিথিরা কেক কাটায় অংশ নেন। পরে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ার প্রত্যয়

 

নিজস্ব প্রতিবেদক
আলোকিত, নৈতিক ও মানবিক আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল-আযহার ইনস্টিটিউট ফাউন্ডেশন। রাজধানীর মিরপুর-১০ এলাকার তাজমহল কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার মাহমুদিয়া ইউনিভার্সিটির উপসহকারী অধ্যাপক ও ইংলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উম্মে কাইরাতি সায়েম। বক্তব্যে তিনি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তানের সিন্ধ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ওয়াফি মানসুর বুড়িরো এবং হংকং পলিটেকনিকের বিভাগীয় প্রধান ড. টং কা ম্যান ইসতার। বিদেশি শিক্ষাবিদদের উপস্থিতি অনুষ্ঠানটিতে আন্তর্জাতিক মাত্রা যোগ করে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার সদস্যসচিব, সাংবাদিক ইউনিয়ন বরিশাল জেলার সদস্য এবং উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস। তিনি আল-আযহার ইনস্টিটিউটের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলার এমন উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মো. আলহাজ ফরিদ আহমেদ (BSS, MSS, MPS, PhD, CSR), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার সেক্রেটারি জেনারেল ও যুগ্ম আহ্বায়ক এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলাই হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আযহার ইনস্টিটিউট ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউল আহসান আযহারী। সভাপতির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, কোরআন-সুন্নাহর আলোকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আগামী প্রজন্মকে বিশ্বদরবারে যোগ্য ও দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আল-আযহার ইনস্টিটিউট।
সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। তাদের কণ্ঠে গজল, পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআনের অনুবাদ উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিশুদের আত্মবিশ্বাসী পরিবেশনা অনুষ্ঠানে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। এ ছাড়া আয়োজন করা হয় বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক ও শিক্ষামূলক পরিবেশনা।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের সম্মানে প্রায় ৩০০ জনের রাতের খাবারের আয়োজন করা হয়। পরিশেষে অতিথিদের দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, আল-আযহার ইনস্টিটিউট কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং নৈতিকতা, মানবিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আলোকিত মানুষ গড়ে তোলার একটি আদর্শ শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সমতাভিত্তিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে ‘ব্রিজিং দ্য গ্যাপ: ইনক্লুসিভ ডায়ালগ ফর ইকুইটেবল সার্ভিসেস’ শীর্ষক এ সংলাপের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডা. এজাজ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন তালুকদার এবং স্বপ্ন ছোঁয়া সংগঠনের সভাপতি তপু হোসেন।

এছাড়াও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা সংলাপে অংশগ্রহণ করেন।
সংলাপে হিজড়া জনগোষ্ঠীর প্রতি সামাজিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠীও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সমান সুযোগ সৃষ্টি এবং বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

এ ধরনের সংলাপ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং হিজড়া জনগোষ্ঠীর জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

 

বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদারের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বরিশাল-ভোলা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিল চলাকালে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদার বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে। কোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

দেশের স্বার্থে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আগামীতেও রাজপথে সোচ্চার থাকবে।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় রাজপথে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রুপাতলীতে অন্যের জমিতে অবৈধ বসতঘর, স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়ে লাপাত্তা বৃদ্ধ আইয়ুব!

অনলাইন ডেস্ক
বরিশাল নগরীর রুপাতলী ২৫ নম্বর ওয়ার্ডের গাউছিয়া সড়কের মোল্লা বাড়ি এলাকায় অন্যের জমিতে বসতঘর নির্মাণ করে বসবাস এবং জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করার অভিযোগ উঠেছে আইয়ুব আলী মোল্লার বিরুদ্ধে। জমির মালিকের অভিযোগ, থানা পুলিশের উপস্থিতিতে জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা জানালেও পরবর্তীতে তিনি যোগাযোগ এড়িয়ে লাপাত্তা রয়েছেন।
অভিযোগকারী মোঃ ফখরুল ইসলাম ও সাইয়েদা মাহবুব। ফখরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রুপাতলী মৌজার জেএল নম্বর-৫৬, এসএ দাগ নম্বর-২০৮-এর ১৩ শতাংশ জমি ১০৫৮৯ নম্বর সাফ কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন ফখরুল ইসলাম ও সাইয়েদা মাহবুব। পরবর্তীতে নামজারি সম্পন্ন করে সংশ্লিষ্ট খতিয়ান খুলে জমিটি ভোগদখলে রয়েছেন বলে দাবি করেন তারা।
তবে ওই জমির কিছু অংশে প্রতিবেশী মৃত মোঃ মজিদ মোল্লার ওয়ারিশদের বসতঘর ও স্থাপনা রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের একপর্যায়ে জমিতে দেওয়া বাউন্ডারি রাতের আঁধারে ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ফখরুল ইসলাম।

ফখরুল ইসলামের দাবি, জমির বিরোধ নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পর অভিযুক্তদের মধ্যে মানিক মোল্লা ও তার ওয়ারিশরা জমির কাগজপত্র ও মালিকানা সংক্রান্ত বিষয় অবগত হয়ে ১৩ শতাংশ জমির মধ্যে তাদের কোনো জমি নেই বলে বুঝতে পেরে বিরোধপূর্ণ জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার বিষয়ে সম্মতি জানান।
অন্যদিকে, আইয়ুব আলী মোল্লাকে একাধিকবার জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তিনি বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেন ফখরুল। এমনকি থানা পুলিশের ডাকে উপস্থিত হয়ে বিরোধপূর্ণ জমি থেকে নিজের স্থাপনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি যোগাযোগ এড়িয়ে লাপাত্তা হয়ে যান বলে অভিযোগকারীর দাবি।
আইনজীবীর মতামতে জমির মালিকানা ও বিক্রির হিসাব তুলে ধরা হয়েছে
জমির মালিকানা, পূর্ববর্তী বণ্টন, নামজারি ও দলিল সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে আইনগত মতামত দিয়েছেন আইনজীবী মোঃ আজাদ রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বরিশাল জজ কোর্টের আইনজীবী।

তার লিখিত আইনগত মতামতে উল্লেখ করা হয়েছে, বরিশাল সদর উপজেলার রুপাতলী মৌজার এসএ ১০০৩ নম্বর খতিয়ানের মোট ৬০ একর ভূমি নিয়ে বরিশাল অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালতে দেং ৪৬/২০০৪ নম্বর মোকদ্দমা দায়ের করা হয়। ওই মামলায় ২০০৫ সালের ৩০ জুন আদালত বাদীর অনুকূলে ১৮ একর ভূমির বণ্টন ডিক্রি প্রদান করেন এবং ১১ নম্বর বিবাদীর অনুকূলে ১৩ একর ভূমির পৃথক ছাহাম প্রদান করেন।
আইনজীবীর মতামত অনুযায়ী, আদালতের ওই বণ্টন ডিক্রির মাধ্যমে কুলছুম বিবি ১৩ একর ভূমির পৃথক ছাহাম পাওয়ার পর বরিশাল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ২০১৭-১৮ সালের ৪২২৬ (২) কেটি নম্বর নামজারি ও জমা খারিজ মামলার আদেশ অনুযায়ী ২০১৭ সালের ৭ ডিসেম্বর ১৪৩৬৫ নম্বর নতুন খতিয়ান সৃষ্টি করেন। পরবর্তীতে বর্তমান বিএস জরিপে ডিপি ২৪৫০ নম্বর খতিয়ান খোলা হয় এবং রেকর্ড সংশোধন ও খাজনা পরিশোধের মাধ্যমে তিনি ওই ভূমির মালিক ও ভোগদখলকারী হিসেবে অবস্থান করেন।

মতামতে আরও উল্লেখ করা হয়েছে, কুলছুম বিবি ২০২০ সালের ২৬ নভেম্বর ১০৫৮৯ নম্বর রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিলের মাধ্যমে মোঃ ফখরুল ইসলাম ও সাইয়েদা মাহবুবের কাছে ১৩ একর ভূমি বিক্রি করে দখল বুঝিয়ে দেন। পরবর্তীতে ক্রেতারা বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ৯৯৩৮ (IX-I)/২০২০-২১ নম্বর নামজারি মামলার আদেশ অনুযায়ী ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি ১৭১৭২ নম্বর খতিয়ান সৃষ্টি করে ভূমি ভোগদখলে রয়েছেন বলে মতামতে উল্লেখ করা হয়েছে।
আইনজীবীর হিসাব অনুযায়ী, আদালতের বণ্টন ডিক্রির পর মজিদ মোল্লার ৬.৭৫ একর ভূমি অবশিষ্ট থাকার কথা। কিন্তু তার ওয়ারিশরা বিভিন্ন সময়ে একাধিক দলিলের মাধ্যমে জমি বিক্রি করেন। মতামতে উল্লেখ করা দলিলগুলো হলো—১৯৯৮ সালের ৮ ফেব্রুয়ারি ৬৪১ নম্বর দলিলে ০.৫০ একর, ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর ৫৮৬৯ নম্বর দলিলে ২.৭৫ একর, ২০০১ সালের ১২ মার্চ ১২৭৬ নম্বর দলিলে ৪.২৫ একর, ২০২১ সালের ১৪ ডিসেম্বর ১৮৬১ নম্বর দলিলে ১ একর এবং ১৯৯৯ সালের ১৪ জানুয়ারি ২৮২ নম্বর দলিলে ১.৭৫ একর ভূমি বিক্রি করা হয়েছে বলে মতামতে উল্লেখ রয়েছে।

আইনজীবীর হিসাব অনুযায়ী, এসব পাঁচটি দলিলে মোট ১০.২৫ একর ভূমি বিক্রি করা হয়েছে, যা মজিদ মোল্লার ওয়ারিশদের প্রাপ্ত ৬.৭৫ একর ভূমির চেয়ে ৩.৫০ একর বেশি। লিখিত মতামতে এ হিসাবের ভিত্তিতে বলা হয়েছে, মজিদ মোল্লার ওয়ারিশরা তাদের প্রাপ্য জমির অতিরিক্ত ভূমি বিক্রি করেছেন এবং বর্তমানে তারা যে জমির ওপর বসবাস করছেন, তা তাদের প্রাপ্য জমির মধ্যে পড়ে না বলে আইনগতভাবে প্রতীয়মান হয়। ওই ভূমি ফখরুল ইসলাম ও সাইয়েদা মাহবুবের রেকর্ডীয় সম্পত্তি বলেও মতামতে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মোঃ আজাদ রহমান তার লিখিত মতামতের উপসংহারে উল্লেখ করেন, সংশ্লিষ্ট ভূমিতে মজিদ মোল্লার ওয়ারিশদের বসবাস আইনগতভাবে বৈধ নয় এবং তারা ওই ভূমিতে বেআইনিভাবে বসবাস করছেন বলে তার কাছে উপস্থাপিত দলিল ও তথ্যের ভিত্তিতে প্রতীয়মান হয়েছে।
এ ঘটনায় জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অন্যের জমিতে থাকা স্থাপনা সরিয়ে নেওয়া এবং জমির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ফখরুল ইসলাম। এদিকে থানা পুলিশ জানান, অভিযোগের প্রেক্ষিতে থানায় অন্য অভিযুক্তরা আসলেও বৃদ্ধ আইয়ুব দীর্ঘদিন পর এসে নিজের স্থাপনা অন্যের যায়গায় স্বীকার করে শীগ্রই অন্যত্র সরিয়ে নেয়ার জন্য সম্মতি প্রকাশ করেছিল।

এদিকে এবিষয়ে জানতে আইয়ুব আলী মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টা!

বরিশাল বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক জুলফিকার আলীকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে উথাপিত অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা । তাঁদের দাবি, ব্যক্তিগত ও অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ম্যানেজারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ব্যবস্থাপক জুলফিকার আলী কোনো নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেননি। ডিপোর অভ্যন্তরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাঁর যে আলোচনা হয়, তা মূলত দাপ্তরিক কার্যক্রম, প্রতিষ্ঠানের উন্নয়ন, পরিবহন ব্যবস্থাপনা ও কর্মপরিকল্পনা নিয়ে। একটি সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট স্টাফদের সঙ্গে কাজের প্রয়োজনে আলোচনা ও বৈঠক করা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। অথচ এসব দাপ্তরিক আলোচনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোপন বৈঠক হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা আরও জানান, জুলফিকার আলী ব্যবস্থাপক হিসেবে যোগদানের পর থেকে ডিপোর সার্বিক উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং দাপ্তরিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছেন। তাঁর এসব উদ্যোগে ডিপোর স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা এসেছে এবং যাত্রীসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছেন তিনি। একই সঙ্গে অতীতে ডিপোতে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাঁর প্রতি একটি মহলের অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি তাঁদের।

তাঁরা আরও জানান, একটি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা, সেবার মান উন্নয়ন এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থাপককে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা করতে হয়। সেখানে কারও রাজনৈতিক পরিচয়কে সামনে এনে দাপ্তরিক আলোচনাকে রাজনৈতিক ষড়যন্ত্রের রূপ দেওয়ার চেষ্টা অনাকাঙ্ক্ষিত।
কর্মকর্তা-কর্মচারীদের মতে, সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়মনীতি ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখাই একজন ব্যবস্থাপকের প্রধান দায়িত্ব। ব্যক্তিগত স্বার্থে কোনো কর্মকর্তা-কর্মচারীকে বিতর্কিত করা কিংবা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

তাঁদের অভিযোগ, ডিপোর ব্যবস্থাপক হিসেবে জুলফিকার আলী দায়িত্ব পালনের ক্ষেত্রে অনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ না দেওয়ায় একটি মহল তাঁর ওপর ক্ষুব্ধ। সেই ক্ষোভ থেকেই তাঁকে বিতর্কিত করতে বিভিন্ন অভিযোগ সামনে আনা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা উচিত নয় বলে মনে করেন তাঁরা।

ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ব্যক্তিগত স্বার্থ ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার পরিবর্তে প্রতিষ্ঠানের উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রম গতিশীল রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হোক। কিন্তু প্রমাণ ছাড়াই একজন কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ হওয়া উচিত।

সংশ্লিষ্টদের মতে, বিআরটিসির মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সুনাম ও কার্যক্রম অক্ষুণ্ন রাখতে অভ্যন্তরীণ বিষয়গুলো নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার থেকে প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সুরক্ষায় কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা।

উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
তিনি বর্তমানে এনসিপির বরিশাল জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সুনাম ও নিষ্ঠার সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তারে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।
উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্ব নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে প্রার্থী হিসেবে মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসের নাম ঘোষণার খবরে তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এছাড়া একইসাথে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাজহারুল ইসলাম নিপুকে মনোনীত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন ছাত্রদল আহ্বায়ক তাসনিম

 

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় দলগত ব্রেইনস্টর্মিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন ছাত্রদল আহ্বায়ক মোঃ এনামুল হাসান তাসনিম।
গত ১৪ নভেম্বর বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয়ের ১০৯ জন শীর্ষস্থানীয় ছাত্রনেতা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সরকার পরিচালনার বিভিন্ন দিক, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে এমসিকিউ পরীক্ষা ও দলগত ব্রেইনস্টর্মিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা মূল্যায়ন করা হয়। পরে সেরা নেতৃত্বের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এতে দলগত ব্রেইনস্টর্মিং পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেন ছাত্রদল আহ্বায়ক মোঃ এনামুল হাসান তাসনিম। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের এই অর্জনকে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাসনিম বলেন, এটি তাঁর জন্য অত্যন্ত স্মরণীয় ও আনন্দের বিষয়। প্রিয় নেতার হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত। যাঁকে দেশের নেতৃত্বে আনার জন্য দীর্ঘ সময় জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁর সান্নিধ্য পাওয়া স্বপ্ন পূরণের মতো। কর্মশালায় অর্জিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নিজ নিজ সহকর্মী ও নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সাত্তার পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. এসএম আব্দুল আউয়াল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এসএম জিয়াউদ্দিন হায়দার, তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান, অর্থনীতিবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহদপ্তর সম্পাদক আরিফ ও নাজমুস সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে মোঃ এনামুল হাসান তাসনিমের এই সাফল্য ছাত্রদলের সাংগঠনিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।