দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ময়মনসিংহের ভালুকায় বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি এলাকায় শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা অবস্থান নেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এসব কারণে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন তারা। এর আগেও আন্দোলন করে বকেয়া বেতন নিতে হয়েছে বলে জানান তারা।

কারখানার সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, “ঈদ সামনে, কেনাকাটার বিষয় আছে। আমাদের বেতন, ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা এখনো দেয়নি কর্তৃপক্ষ। কবে দেবে কেউ কিছু জানায় না। মঙ্গলবার জিএম বলছেন, আজকে কথা বলে বেতন দেবেন। কিন্তু আজকে জিএমই নাই কারখানায়। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে।”

এ বিষয়ে শেফার্ড গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান বলেন, “শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় মঙ্গলবার দুপুর থেকে আমাদের কারখানা বন্ধ রয়েছে। সকালেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ফেব্রুয়ারি মাসের বেতন ও মার্চের ১৫ তারিখে বোনাস দেয়ার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে যায়। মার্চ মাসের বেতন দেওয়া হবে কিনা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।”

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, “আজকের মধ্যে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে। মার্চের ১৫ তারিখ বোনাস দেওয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।”

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছে। ওইদিন সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১ টায় অধিবেশন বসবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি।

সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

বিগত সংসদের স্পিকার-ডেপুটি স্পিকারের অবর্তমানে সংসদ অধিবেশন কিভাবে শুরু হবে বা প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, সেটি নিয়েও নানা আলোচনা দেখা যাচ্ছে।

সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে বিগত সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত কোন ব্যক্তিকে দিয়ে অধিবেশন শুরু করাতে হবে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ দুটি পদে ক্ষমতাসীন দল থেকেই সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই পদটি নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সরকারি দলীয় হুইপ নূরুল ইসলাম মনি বুধবার সংসদীয় দলের সভা শেষে ব্রিফিংয়ে জানিয়েছেন, জামায়াত এখনও ডেপুটি স্পিকার পদে কারও নাম প্রস্তাব করেনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে। বিএনপি বেশ কয়েকজন সিনিয়র নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। তাদেরকে রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার করা হতে পারে।

বিএনপিতে আলোচনা চলছে- কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার। জানা গেছে, এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও কৌতূহলের শেষ নেই।

তবে এই পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বলা হচ্ছে, ক্লিন ইমেজের নেতা হিসাবে তাকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি। নরসিংদী-২ আসন থেকে তিনি মোট পাঁচবার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তিনি। কূটনৈতিক অঙ্গনের বেশ পরিচিতি রয়েছে। সজ্জন ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত।

এরপর স্পিকার পদে আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন এবার বরিশাল-৩ আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া আলোচনায় রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের নামও। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। জানা গেছে, এই তিনজনের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনাই বেশি।

বিএনপি সূত্র বলছে, দলের ভেতরে ও বাইরে আলোচনায় স্পিকার পদে ড. আবদুল মঈন খানের নাম বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলেও ড. খান এখনও সরকারের বাইরে আছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মতো সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয়, তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে জনমনে। মঈন খানের বাবা ড. আবদুল মোমেন খান জিয়াউর রহমান সরকারের মন্ত্রী ছিলেন।

অনেকের মতে, প্রবীণ নেতা ড. মঈন খানকে স্পিকার পদে নির্বাচিত করা হলে তিনি ভালো করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসাবে সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে তার।

অন্যদিকে, অ্যাডভোকেট জয়নুল আবেদীনের আইনজীবী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি সাংবিধানিক ও নির্বাচনি আইন বিষয়ে দক্ষতা রয়েছে। এছাড়া রাজনৈতিক পরিসরে সক্রিয় ভূমিকার কারণেও স্পিকার পদের আলোচনা তাকে এগিয়ে রাখছে। তিনি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে স্পিকার পদে জন্য কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য, প্রবীণ রাজনীতিক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এম ওসমান ফারুকের নামও আলোচনায় এসেছে। সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক দীর্ঘদিন বিশ্বব্যাংকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আন্তর্জাতিক আর্থিক সংস্থায় কর্মকর্তা ও পরিচালক হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়ন ব্যবস্থাপনায় অনন্য অবস্থানে নিয়ে গেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন ভোলা-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও নোয়াখালী-১ আসনের সংসদ-সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নাম। তবে সূত্রগুলো জানাচ্ছে, এদের মধ্যে শেষ পর্যন্ত কাকে তারেক রহমান বেছে নেবেন তা নিশ্চিত নয়। মন্ত্রী হওয়ার আলোচনায়ও তারা এগিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় তাদের জায়গা হয়নি।

বিজেপি সভাপতি পার্থ মন্ত্রী হিসেবে আলোচনায় ছিলেন। ভোকাল পার্লামেন্টারিয়ান হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে।

আর ব্যারিস্টার খোকন আইনজ্ঞ। তার সংবিধান আইন, সংসদ আইন সম্পর্কে বেশ জানাশোনা রয়েছে।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। অধিবেশনজুড়ে এই প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদের প্রথম বৈঠকে উত্থাপন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ কোনো অধ্যাদেশ অনুমোদন না করলে সেটার কার্যকারিতা থাকবে না।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগে ২১টি আসনের মধ্যে ১৮টি সংসদীয় আসনে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ও তাদের জোটের প্রার্থীরা। বাকি দুটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা এবং একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিভাগের সব আসন মিলিয়ে প্রথমবারের মতো ১০ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। একই সঙ্গে প্রতিটি আসনে গণভোটে ‘হ্যা’ ভোট বিজয়ী হয়েছে।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাপ্ত ফলাফলের তথ্যানুযায়ী, ভোলা জেলার চারটি আসনের মধ্যে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন বিএনপি জোট সমর্থিত ভোলা-১ আসনে গরুর গাড়ি প্রতীকের আন্দালিব রহমান পার্থ (বিজেপি) ও ভোলা-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিম। সপ্তমবারের মতো ভোলা-৩ আসনে ধানের শীষের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-বীর বিক্রম নির্বাচিত হয়েছেন। আর প্রথমবারের মতো ভোলা-৪ আসনে ধানের শীষের মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বিজয়ী হয়েছেন।

বরিশাল জেলার বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন তৃতীয়বারের মতো এবং পঞ্চমবারের মতো বরিশাল-৫ আসনে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও বরিশাল-৬ আসনে দ্বিতীয়বারের মতো আবুল হোসেন খান নির্বাচিত হয়েছেন। তবে বরিশাল-২ আসনে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বরিশাল-৪ আসনে মো. রাজিব আহসান প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

পটুয়াখালীর চারটি আসনের মধ্যে পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের আলতাফ হোসেন চৌধুরী তৃতীয়বারের মতো এবং পটুয়াখালী-৪ আসেন ধানের শীষ প্রতীকে এ বি এম মোশাররফ হোসেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তবে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোট সমর্থিত ট্রাক প্রতীকের নুরুল হক নূর (গণ অধিকার পরিষদ) এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

বরগুনা জেলার দুটি আসনের মধ্যে বরগুনা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মো. নূরুল ইসলাম মনি চতুর্থবারের মতো এবং বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. অলি উল্লাহ প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ঝালকাঠির দুইটি আসনেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। এরমধ্যে ঝালকাঠি-১ আসন থেকে রফিকুল ইসলাম জামাল প্রথমবারের মতো এবং ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

পিরোজপুরের তিনটি আসনের মধ্যে দুইটি বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত আহম্মদ সোহেল মনজুর ও পিরোজপুর-৩ আসনে মো. রুহুল আমীন দুলাল প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

বাসমালিক সমিতির দ্বন্দ্বের জেরে বরিশাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। সোমবার (৯ মার্চ) সকাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, রোববার সন্ধ্যায় রূপাতলী বাস টার্মিনালে মারধরের শিকার হন ঝালকাঠি বাস মালিক সমিতির একটি বাসের দুজন স্টাফ। এ নিয়ে দুই মালিক সমিতির মধ্যে আলোচনায় সমাধানের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ আলোচনায় সমাধান করতে না পারায় সকাল থেকে রূপাতলী বাস টার্মিণাল থেকে বাস সরিয়ে নেন ঝালকাঠি মালিক সমিতির লোকেরা।

সেখান থেকে বাস সড়িয়ে নিয়ে পাঁচ কিলোমিটার দূরে ঝালকাঠির প্রবেশদ্বার কালিজিরা সেতুর ঢালে অস্থায়ী বাস টার্মিনাল থেকে গাড়ি চলাচল অব্যাহত রেখেছেন।

বরিশাল বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার বলেন, ‘গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির লোকজন তাদের বাস রূপাতলী টার্মিনাল থেকে সড়িয়ে নিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে একটি অবৈধ স্ট্যান্ড চালু করত চাইছে। বিগত সরকারের আমলেও এটা করার চেষ্টা করেছে, এখনও চেষ্টা করছে। এজন্য ঠুনকো অজুহাতেও বাস সড়িয়ে নিচ্ছে।’

এই শ্রমিক নেতা দাবি করেন, রূপাতলী থেকে কোনো গাড়ি ছেড়ে গেলে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিকরা সেটি ঢুকতে দিচ্ছে না। তারা মারধরের হুমকি দিচ্ছে। এতে বরিশাল ঝালকাঠি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা রুটে বাস যেতে পারছে না।

তবে এসব দাবি অস্বীকার করে রূপাতলী বাস মালিক সমিতির বিরুদ্ধে চাঁদাবাজী, মারধর ও চুরির অবিযোগ এনেছেন ঝালকাঠি বাস শ্রমিকরা।

ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, ‘রূপাতলীতে গতকাল আমাদের শ্রকিদের বিনা কারণে মারধর করেছে। বাস্তবতা হলো রূপাতলী বাসমালিক সমিতির নেতাদের চাঁদাবাজীতে আমরা অতিষ্ঠ। টার্মিনালে ঢুকতেই ৪০ টাকা চাঁদা দিতে হয়।’

তিনি বলেন, ‘অটোরিকশা সরিয়ে দেবে একজন, তার নামে ১০ টাকা তোলা হয়। বাসমালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার একটা নির্ধারণ করে দেন, তার ছেলে এসে একটা নির্ধারণ করেন। রাতে সেখানে গাড়ি রাখলে ব্যাটারি চুরি হয়, তেল চুরি হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মিলন বলেন, ‘রূপাতলী থেকে আমাদের বাস নিয়ে আসলেও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা গাড়ি বন্ধ করিনি।’

তিনি বলেন, ‘ঝালকাঠির কালিজিরায় একটি জায়গা আছে সেখানে গাড়িগুলো রেখে আমরা যাত্রী পরিবহন স্বাভাবিক রেখেছি। রূপাতলী বাস মালিক সমিতি কোনো গাড়ি নিয়ে এদিকে আসলেও আমাদের এখান থেকে সব রুটে গাড়ি চলাচল করছে।’

দুই বাসমালিক সমিতির দ্বন্দ্বে পড়ে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

নাজনিন নামের এক শিক্ষার্থী বলেন, ‘ভান্ডারিয়া যাওয়ার জন্য এসে দেখি রূপাতলীর কাউন্টার খালি। কিছুদিন পরপরই ঝালকাঠি আর বরিশালের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর একটি স্থায়ী সমাধান করা উচিত।’

আরেক যাত্রী মুনসুর হাওলাদার বলেন, ‘আমার এক আত্মীয়ের জানাজা বিকেলে। খবর পেয়ে সেখানে যেতে রওয়ানা হয়ে দেখি বাস চলাচল বন্ধ। কালিজিরা থেকে বাস চলছে শুনেছি। এখন বাড়তি টাকা আর ভোগান্তির শিকার হয়ে সেখানে গিয়ে তারপরে যেতে হবে। আমরা বাস মালিক সমিতির কাছে অসগায় হয়ে পড়েছি।’

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করেন তারা। এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী।

সমাবেশে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীরা অভিযোগ করেন, তারা মাসে ৩০ দিন কাজ করলেও বেতন পান মাত্র ২২ দিনের। আগে উৎসব ভাতা ও ইফতারের জন্য আলাদা অর্থ দেওয়া হলেও এবার ঈদের আগে শুধু বেতন দেওয়ার কথা বলা হয়েছে, কোনও বোনাস বা উৎসব ভাতা দেওয়া হচ্ছে না। এমনিতেই কম বেতনে চাকরি করে পরিবার নিয়ে টানাপোড়েনের মধ্যে সংসার চালাতে হচ্ছে, বোনাস না দেওয়ায় ঈদের উৎসব তো দূরে থাক, পরিবার-পরিজনের মুখে এক বেলা ভালো খাবার তুলে দেওয়া সম্ভব হবে না।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ঈদের আগে তাদের ন্যায্য পাওনাটুকু দেওয়া হচ্ছে না। ২৭ রমজানের মধ্যে বেতন ও বোনাস পরিশোধ না করা হলে সড়ক অবরোধসহ নানা কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

পরিচ্ছন্নতাকর্মী রহিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদের সময় যদি বোনাস না পাই, তবে আমাদের উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এটা আমাদের সঙ্গে চরম অন্যায় হবে।’
সমাবেশের আগে কর্মচারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রথম বিক্ষোভ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের চকবাজার ও গির্জামহল্লা সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে তারা জানান, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এবং আসন্ন ঈদুল ফিতরের বোনাস না পাওয়ায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
আলেয়া বেগম নামের এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, ‘এমনিতেই কম বেতনের চাকরি। সংসার চালানোই এখন কঠিন। তার ওপর উৎসব ভাতা না থাকলে আমাদের সন্তানদের নিয়ে ঈদ করব কী দিয়ে?’

সিটি করপোরেশন সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু ওই গেজেটে উল্লেখ করা হয়, মজুরিভিত্তিক শ্রমিকরা কোনও ধরনের উৎসব ভাতা পাবেন না। এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাসদের বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী সমাবেশে বলেন, ঈদের বাকি মাত্র ১০ দিন। এই সময় ঈদের বাজার কীভাবে হবে, সেই প্রস্তুতি নেওয়ার কথা, কিন্তু দুঃখজনক হলো, সেই সময়ে পরিচ্ছন্নতাকর্মীরা রাজপথে। তারা সামান্য বেতন পান, তা দিয়ে ঈদের নিজের বা স্ত্রী কাপড় কেনার কথা ভাবতেও পারেন না। শুধু সন্তানদের জন্য একটু কাপড় এবং একটু ভালো বাজার করার জন্যই তারা এই লড়াইেয় আজ অবতীর্ণ হয়েছেন। কিন্তু গেজেটের দোহাই দিয়ে আজ এই গরিব পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের উৎসবকে ম্লান করে দেওয়ার চেষ্টা হচ্ছে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

রবি মৌসুমের শেষভাগে এসে ডিজেলের কৃত্রিম সংকটে বরিশাল অঞ্চলের প্রায় ৪ লাখ হেক্টর বোরো ধানে সেচ নিয়ে দুর্ভাবনায় কৃষিযোদ্ধাগণ

প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশাল কৃষি অঞ্চলে চলমান জ্বালানি তেলের কৃত্রিম সংকটে আবাদকৃত প্রায় ৪ লাখ হেক্টরে বোরো ধানের সেচ ব্যবস্থা নিয়ে কৃষকের মাঝে নানামুখী সংশয় ও উদ্বেগ বাড়ছে। যদিও এখনো মাঠ পর্যায়ে ডিজেল সংকট তেমন প্রকট আকার ধারণ করেনি, কিন্তু সুদূর পল্লী এলাকায় সরবরাহ পরিপূর্ণ স্বাভাবিক নয়। সেচব্যবস্থা নির্বিঘ্ন রাখতে জ্বালানি সরবরাহে এখনো প্রশাসনিক পদক্ষেপসহ নজরদারি খুব জোরালো না হলেও গত দুদিন বরিশালের বিভাগ ও জেলা প্রশাসন বিষয়টি নিয়ে একাধিক সভা করে সুদূর পল্লী এলাকা পর্যন্ত ডিজেল সরবরাহ নির্বিঘ্ন করা সহ যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে নজরদারি শুরু করেছে। বরিশালের বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান মঙ্গলবারও সব জেলা প্রশাসকদের সাথে কথা বলে মাঠ পর্যায়ের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ সার্বক্ষণিকভাবে নজরদারিরও তাগিদ দিয়েছেন।

চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৩ লাখ ৮৩ হাজার হেক্টরে বোরো আবাদ লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ ভাগ ইতোমধ্যে অর্জিত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বোরো রোপণ লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হবার পাশাপাশি লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলেও আশাবাদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই’র দায়িত্বশীল মহল। ফলে এবার বোরো ধান থেকে বৃহত্তর বরিশাল অঞ্চলে প্রায় ১৮ লাখ টন চাল পাবার ব্যাপারে আশাবাদী মাঠ পর্যায়ের কৃষিবীদগণও।

বিগত খরিপ-২ মৌসুমে আমন থেকে এ অঞ্চলে প্রায় ২৪ লাখ টন চাল কৃষকের ঘরে উঠেছে। বর্তমানে এ অঞ্চলের মাঠে আরো প্রায় ৫৮ হাজার হেক্টরে গম রয়েছে, যা থেকে আগামী ১০-১৫ দিনের মধ্যেই প্রায় ২ লাখ টন গম কৃষকের ঘরে উঠবে বলে আশা করা যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বরিশাল কৃষি অঞ্চলে মাঠে শুধু বোরো ধানের সেচাবাদে বর্তমানে যে প্রায় ৮৭ হাজার পাওয়ার পাম্প চলমান রয়েছে, তার প্রায় ৭৫ হাজারই ডিজেল চালিত। এসব পাম্পে গড়ে দৈনিক ৫ লক্ষাধিক লিটার ডিজেল প্রয়োজন। এ সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখার পাশাপাশি সুষ্ঠু বিতরণ অব্যাহত রাখাই এখন সরকারসহ স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কৃষিবীদগণ।

তবে কৃষিবীদদের মতে আগামী দু মাস ডিজেলের সরবরাহ নির্বিঘ্ন রাখার মাধ্যমে ১৮ লাখ টন বোরো চাল ঘরে তোলার কোন বিকল্প নেই। এ ব্যাপারে বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মাহফুজুর রহমানের সাথে আলাপ করা হলে তিনি জানান, ডিজেলের কোন ঘাটতি নেই। সরবরাহ এখনো অক্ষুণ্ণ ও নির্বিঘ্ন রয়েছে। তবে এর পরেও কেউ কোন ধরনের অন্তরায় তৈরি করলে প্রশাসন কঠোরভাবে তা মোকাবেলা করবে।

অপরদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার জানিয়েছেন, আগামী ১৫ মার্চ পর্যন্ত বোরো আবাদের শেষ সময়সীমা নির্ধারিত রয়েছে। বরিশাল কৃষি অঞ্চলের কৃষিযোদ্ধাগণ লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। তবে সেচব্যবস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে যা প্রয়োজন সবই করা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর মতে, চলতি রবি মৌসুমে এখনো বৃষ্টির কিছুটা ঘাটতি রয়েছে বরিশাল অঞ্চলে। টানা ১২৭ দিন পরে গত ৯ মার্চই প্রথম সামান্য বৃষ্টি হয়েছে। প্রথম দিকে যেসব বোরো রোপণ হয়েছে তা এখন থোড় পর্যায়ে। তবে এখনো রোপণ অব্যাহত রয়েছে। সে হিসেবে আগামী দুমাস সেচ কার্যক্রম অব্যাহত রাখার কোন বিকল্প নেই বলেও জানান তিনি। আর সে লক্ষ্যে ডিজেল ও সারসহ সব উপকরণের সরবরাহ অক্ষুণ্ণ ও নির্বিঘ্ন রাখার ওপরও জোর দেন এ কৃষিবীদ।

পাশাপাশি দক্ষিণাঞ্চলের সেচ ব্যবস্থা সোলার ও বিদ্যুতায়িত করার তাগিদ দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষিবীদগণ। সারা দেশের মধ্যে বরিশাল কৃষি অঞ্চলেই এখনো সেচ ব্যবস্থা প্রায় পরিপূর্ণভাবেই ডিজেল নির্ভর, যা ব্যয়বহুল। ফলে এ অঞ্চলের কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না। কৃষিবীদদের মতে ডিজেল সেচ ব্যবস্থা এখনো যথেষ্ট ব্যয়বহুল—মোট উৎপাদন ব্যয়ের প্রায় ২৯ ভাগ।

উল্লেখ্য, সেচকাজে ব্যবহৃত বিদ্যুৎ বিলের ওপর সরকার ২০০৩ সাল থেকে ২০ ভাগ ভর্তুকি দিয়ে আসছে। অথচ ব্যয়বহুল ডিজেলে তা এখনো অনুপস্থিত।

অনলাইন ডেস্ক

বরিশালে উন্নয়নমূলক সংগঠন এ্যাসোসিয়েশন অব ভলান্টারি এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) এর বাস্তবায়নে ইয়ুথ শেয়ার-নেট কার্যক্রমের আওতায়, রেডঅরেঞ্জ এর উদ্যোগে এবং অ্যামপ্লিফাই চেইঞ্জ এর সহায়তায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ’’জনাব এ্যাডভোকেট শহিদুল ইসলাম ,জজ কোর্ট, বরিশাল’’, রুমা পারভীন,নারী ও শিশু ডেক্স অফিসার,বরিশাল কোতয়ালি থানা’’, ইউপি নারী সদস্য,তরুন নারী নেত্রী এবং বিভিন্ন সংগঠন ,কলেজ এবং কলোনী থেকে তরুন প্রতিনিধিরা।

অনুষ্ঠানে নারীর অধিকার, বাল্য বিয়ের আইনত শাস্তি ও আইনগত সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান এবং সমাজে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল তার বক্তব্যে তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের ইতিবাচক চিন্তা ও সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে তরুণ-তরুণীসহ নারী ও পুরুষ অংশগ্রহণকারীরা একটি সমতাভিত্তিক, সহিংসতামুক্ত ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে তাদের ভাবনা, অঙ্গীকার ও প্রত্যাশা তুলে ধরেন। বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে তরুণদের সচেতনতা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “তারুণ্যের ভাবনা” দেয়াল লিখনি ,যেখানে অংশগ্রহণকারীরা তাদের ভাবনা, প্রতিশ্রুতি ও বার্তা লিখে নারীর অধিকার ও সমতার পক্ষে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই দেয়ালে তরুণদের লেখনীতে উঠে আসে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সম্মান ও সহমর্মিতার বার্তা। অনেকেই লিখেছেন—সমতার বাংলাদেশ গড়তে তরুণদেরই হতে হবে পরিবর্তনের অগ্রদূত।

তরুণেদের মধ্যে থেকে বন্যা বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি প্রতীকী দিবস নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার জন্য সমাজের সকল স্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান। নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত হলেই একটি ন্যায়ভিত্তিক, টেকসই ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

আয়োজকরা আশা প্রকাশ করেন, তরুণদের এই ভাবনা ও অঙ্গীকার ভবিষ্যতে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সমতাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

সিলেট নগরীতে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের মালামাল পুড়ে প্রায় ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

রোববার (৮ মার্চ) রাত প্রায় ৮টা ৪০ মিনিটের দিকে মজুমদারি এলাকায় ফরিদ উদ্দিন তাপাদারের মালিকানাধীন ‘মেহজাবিন সুপার শপ’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের মালিক ফরিদ উদ্দিন তাপাদার সিলেট ভয়েসকে বলেন, ‘আমার ভূষিমালের দোকান ছিল। আমি নামাজে ছিলাম। সেখান থেকে খবর পাই দোকানে আগুন লেগেছে।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘নতুন দোকান করেছিলাম। আমার ১০ থেকে ১১ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
সিলেট সদর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার কুতুব উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে অবৈধভাবে রুপি (ভারতীয় মুদ্রা) দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টার অভিযোগে একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় বিজিবি ট্রাকটি জব্দ করে। ট্রাকটি এখনো বিজিবির হেফাজতে রয়েছে। তবে ট্রাকচালককে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আটক ভারতীয় ট্রাকচালকের নাম নিখিল দাস (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানাধীন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, নিখিল দাসের পাথরবাহী ট্রাক বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি অধীন শেওলা আইসিপি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে আসে। পাথর আনলোড করার পর ট্রাকটি শনিবার (৭ মার্চ) রাতে ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়ে। এ অবস্থায় তিনি বাংলাদেশে অবস্থিত ‘নাদিয়া স্টোর’ নামে একটি দোকান থেকে ভারতীয় মুদ্রা রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন।

বিয়ানীবাজার ব্যাটেলিয়ন ৫২ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ যেকোনো ধরনের অবৈধ লেনদেন ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও দুই দেশের প্রচলিত নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

সিলেট নগরীর জিন্দাবাজার থেকে দুই ব্যক্তিকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং ঘটনার সময় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরীর জিন্দাবাজার তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার দিবাগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের বাসিন্দা সুহেল সরকার (২২) বর্তমানে সিলেটের জালালাবাদ এলাকার গোয়াবাড়ীতে বসবাস করেন। রোববার সন্ধ্যায় কোতোয়ালী থানার তাঁতিপাড়া পয়েন্ট থেকে ১৪–১৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অপহরণ করে তাঁতিপাড়ার ‘নাজমা নিবাস’ নামের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়।

সেখানে তাকে ধারালো চাকু ও কাঁচি দিয়ে ভয়ভীতি দেখিয়ে এবং লোহার রড ও স্টিক দিয়ে মারধর করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ টাকা আদায় করা হয় এবং ব্যবহৃত একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা। পরে ভিকটিমের জামাকাপড় খুলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর সুহেল সরকার বিষয়টি পুলিশকে অবগত করলে কোতোয়ালী মডেল থানা পুলিশর একটি টিম অভিযান চালায়। অভিযানে তাঁতিপাড়ার নাজমা নিবাসের দ্বিতীয় তলা থেকে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন, নগরীর গোটাটিকর এলাকার মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), শাহজালাল উপশহর এলাকার মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলপুর গ্রামের ফয়জুল করিমের ছেলে বর্তমানে হাওয়াপাড়া এলাকার বাসিন্দা জুবাইন আহমদ (১৯), জালালাবাদ থানার আমানতপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে বর্তমানে শিবগঞ্জ লামাপাড়া এলাকার বাসিন্দা সুফিয়ান আহমদ (১৯), এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার আনোয়ার মিয়ার ছেলে জাকির হোসেন (১৯), কাজীটুলা এলাকার আবুল হোসেনের ছেলে মারজান (১৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার রায়সত্তরপুর গ্রামের সুজন মিয়ার ছেলে বর্তমানে হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মোসাদ্দেক আলী (১৮), হাওয়াপাড়া এলাকার বাসিন্দা রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), শিবগঞ্জ মজুমদারপাড়ার রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮) এবং হাওয়াপাড়া এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮)।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে আরেক ভিকটিম প্রবাসী জাহিদ আহমদকে (৪২) উদ্ধার করা হয়। জাহিদ আহমদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।