দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকিতে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, মূলত কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের এসব ফ্লাইট আজ উড্ডয়ন করতে পারেনি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই সংকটের সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের আকাশপথে।

শুক্রবার বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে, কুয়েত এয়ারওয়েজের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট। এছাড়া এয়ার অ্যারাবিয়া (শারজাহ) এবং গালফ এয়ারের (বাহরাইন) ২টি করে ফ্লাইট স্থগিত করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, গতকাল ১২ মার্চ ২৮টি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। এ নিয়ে গত ১৫ দিনে ঢাকা থেকে বাতিল হওয়া মোট আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭টিতে। আকস্মিক এই ফ্লাইট বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক ও বিদেশগামী যাত্রী।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আকাশপথ পুনরায় উন্মুক্ত হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

আর কয়েকদিন পরই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আনন্দ পরিবার–পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে ব্যস্ততা বেড়েছে রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার ও টার্মিনালগুলোতে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুরের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা গেছে, যাত্রীরা দল বেঁধে বাস কাউন্টারগুলোতে ভিড় করছেন। অনেকেই টিকিট সংগ্রহে এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরছেন। কাউন্টারকর্মীরা যাত্রী ডাকতে হাঁক দিচ্ছেন, আর কাউন্টার মাস্টাররা ব্যস্ত সময় পার করছেন।

সকালের দিকে কল্যাণপুর থেকে গাবতলীমুখী সড়কে যানবাহনের চাপ কিছুটা বেশি দেখা যায়। এতে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীচাপ ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মেহেদী হাসান বলেন, অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া শুরু করেছেন। তবে এখন অনলাইনে টিকিট কাটার প্রবণতা বেশি হওয়ায় কাউন্টারে যাত্রী উপস্থিতি আগের মতো চোখে পড়ে না। সকাল সাড়ে আটটা পর্যন্ত তাদের দুটি বাস ছেড়ে গেছে এবং কোনো বাসই ফাঁকা যায়নি।

সৌহার্দ্য পরিবহনের কাউন্টার মাস্টার মো. আরিফ জানান, অফিস এখনো ছুটি না হলেও অনেক চাকরিজীবী আগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। সকাল থেকে যে বাসগুলো ঢাকা ছেড়েছে সেগুলোতে কোনো আসন খালি ছিল না।

একই কথা বলেন হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার জুয়েল। তিনি জানান, যাত্রীর চাপ বাড়ছে এবং সকাল থেকে কয়েকটি বাস ছেড়ে গেছে, সবগুলোই প্রায় পূর্ণ ছিল।

যাত্রীদের অনেকেই বলছেন, শেষ সময়ের ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই বাড়ির পথে রওনা হচ্ছেন তারা। যশোরের বাসিন্দা হামিম বলেন, তিনি ঢাকায় পড়াশোনা করেন। কলেজে ঈদের ছুটি শুরু হওয়ায় শুক্রবারই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হুমায়ুন শেখও পরিবারের সদস্যদের নিয়ে গাবতলী বাস টার্মিনালে এসেছেন। তিনি বলেন, এখনো কয়েকদিন অফিস করতে হবে। ঈদের ছুটি হলে গাড়ির টিকিট পাওয়া কঠিন হয়ে যায়। তাই আগেই পরিবারকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, পরে তিনি নিজে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদ অনুষ্ঠিত হবে ২১ মার্চ।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ (শুক্রবার, ১৩ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুপুর পর্যন্ত রাজধানীর আশেপাশের এলাকা মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিলো ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা

হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ১২ মার্চ দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আবেদন শুরু হবে।

ভর্তি প্রার্থীরা ১২ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd –এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সেবার মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে যাঁরা নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তাঁরাই জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে উক্ত ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে ভর্তির জন্য যোগ্যতা ও শর্তাবলি নিম্নরূপ—

ক) প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে।

খ) বিগত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক (অনূর্ধ্ব ২৩/২০/১৯/১৭/১৬) দলের সদস্য হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

গ) ব্যক্তিগত ক্রীড়াগুলোতে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান ও বাংলাদেশ অলিম্পিক ক্রীড়া ফেডারেশনভুক্ত খেলা) জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫–এর মধ্যে থাকতে হবে।

ঘ) ক-গ ধারায় উল্লেখিত সব খেলোয়াড় প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে খেলোয়াড় হিসেবে ভর্তির জন্য আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট ইউনিটের প্রধানগণ এই লিখিত পরীক্ষা গ্রহণ করবেন।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোঃ হুমায়ুন কবিরের বাবা জুয়েল মিয়া (৪৫)। নিখোঁজ জুয়েল মিয়া উচ্চতায় ৫ ফুট ৭ ইঞ্চি এবং তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপড়া ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (১০ মার্চ) নিখোঁজ জুয়েল মিয়ার ছেলে চবি শিক্ষার্থী হুমায়ন কবির নিখোঁজের তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ন কবির জানান, গত শনিবার(৭ মার্চ) আনুমানিক সন্ধ্যা ৭টায় তার পিতা স্থানীয় বাজার মাঠেরহাটে যান। সেখান থেকে গ্রামের নিকটবর্তী বাসস্ট্যান্ডে এসে পরিচিত দোকানে সাইকেল রেখে পার্শ্ববর্তী অন্য একটি বাজার নাগেরহাটে যান এবং এরপর থেকে তার ফোন বন্ধ।

তিনি আরও জানান, নিখোঁজের পর নিকটস্থ বদরগঞ্জ থানায় জিডি করা হলে পুলিশ নাম্বার ট্র্যাক করে নিখোঁজ জুয়েল মিয়ার সর্বশেষ লোকেশন রাত ৯.৩৯ মিনিটে বগুড়ার চার মাথা এলাকায় পাওয়া যায় বলে জানায় পুলিশ। পরবর্তীতে গতকাল থেকে কললিস্ট বের করার কথা থাকলেও এখন পর্যন্ত পুলিশ সেটা করেনি, এবং তাদের উল্লেখযোগ্য কোনো কার্যক্রমও চোখে পড়েনি বলে অভিযোগ করেন চবি শিক্ষার্থী হুমায়ুন।

চবির এ শিক্ষার্থী জানান, বাসা থেকে বের হবার সময় তার বাবার পরনে কালো প্রিন্টের শার্ট (ছবিতে পরিহিত শার্ট) এবং পুরাতন লুঙ্গি।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি উনার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নের ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) এ শিক্ষার্থী।

যোগাযোগের ঠিকানা: বাতাসন (ডাক্তারপাড়া), মাঠেরহাট, লোহানীপাড়া, বদরগঞ্জ, রংপুর। মোবাইল নম্বর- 01887125655।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

খুলনার কয়রায় শুষ্ক মৌসুমে জমিতে সেচ মেশিন চালাতে চাষি আবদুল মজিদের প্রতিদিন ৩ লিটার ডিজেল লাগে। কিন্তু কয়রার কোথাও ডিজেল নেই। ৩ লিটার ডিজেল আনতে প্রায় ৩০ কিলোমিটার পাড়ি দিয়ে পাইকগাছার পাম্পে যেতে হয়। এতে যাতায়াত খরচসহ বেড়েছে ভোগান্তি। একই অবস্থা খুলনার তেরখাদা, ফুলতলা, ডুমুরিয়াসহ আশপাশের এলাকাগুলোতেও। সেচকাজ বন্ধ থাকায় অনেক স্থানে জমি শুকিয়ে গেছে। খুলনার পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে পেট্রোল পাম্প ও এজেন্ট ডিলারের মাধ্যমে সাধারণত জ্বালানি তেল বিক্রি করা হয়। কিন্তু হঠাৎ এজেন্ট ডিলারদের ডিপো থেকে তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় গ্রামাঞ্চলে ডিজেলের তীব্র সংকট তৈরি হয়েছে। কয়রার মহেশ্বরীপুর গ্রামের আবদুল মজিদ জানান, পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় শ্যালো মেশিনে পানি ওঠে না। জমিতে এখন প্রতি মুহূর্তে সেচ দরকার। কিন্তু ডিজেল না পাওয়ায় সেচ দেওয়া যাচ্ছে না। ফলে মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে। কয়রায় কোনো পাম্প নেই। তাই এজেন্ট ডিলারই ভরসা। কিন্তু তারাও ডিপো থেকে তেল পাচ্ছে না। ফলে ভোগান্তি বাড়ছেই।

জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল বিপণনে সিলিং পদ্ধতি বা রেশনিং পদ্ধতি চালু করায় এ সংকট তৈরি হয়েছে। একদিকে ডিপো থেকে চাহিদামতো অকটেন ও পেট্রোল সরবরাহ না পাওয়ায় অনেক পাম্প স্টেশন বন্ধ রাখতে হচ্ছে, অন্যদিকে এজেন্ট ডিলারদের তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় গ্রামাঞ্চলে ডিজেলের তীব্র সংকট তৈরি হয়েছে। খুলনার দৌলতপুরে পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬টি জেলায় প্রতিদিন ৩৯ লাখ লিটার জ্বালানি তেল বিক্রি হয়। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চাহিদা বেড়ে কয়েক দিনে বিক্রি দেড় কোটি লিটার ছাড়িয়েছে। বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মুরাদ হোসেন জানান, তেলের অস্বাভাবিক চাহিদা নিয়ন্ত্রণে ডিপো থেকে তেল বিক্রিতে সিলিং পদ্ধতি বা রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। এতে বিগত সময়ে গড় চাহিদা হিসেবে প্রতিদিনের বিক্রি হার নির্ধারণ করা হয়। এতে বর্তমানে চাহিদামতো অকটেন-পেট্রোল পাচ্ছে না পাম্প স্টেশনগুলো।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কাঁদতে কাঁদতে বার বার মূর্ছা যাচ্ছিলেন সালাম মোড়ল। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের সালামের মেয়ে মারজিয়া আক্তার মিতুর সাথে বিয়ে হয়েছিল মোংলার ৮নং ওয়ার্ডের বিএনপি নেতা রাজ্জাকের ছেলে আহদুর রহমান সাব্বিরের সাথে। সড়ক দুর্ঘটনায় তার দুই মেয়ে মারজিয়া আক্তার মিতু, লামিয়া এবং তাদের দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগমের মৃত্যু হয়। সবাইকে হারিয়ে সালাম মোড়ল পাগল প্রায়।

শোকে বার বার মূর্ছা যাচ্ছিলেন তিনি। জ্ঞান ফিরে আসলে বাগরুদ্ধ হয়ে এদিকে ওদিক পরিবারকে খুঁজছেন। এই শোকবহ পরিবেশের মধ্যে কথা হয় সালামের সাথে।

তিনি বলেন, ‘গত বুধবার রাত ১১টায় ঘটা করে মেয়ের বিয়ে দেই। সারারাত উৎসব চলে। আনন্দ-উৎসব করে র্নিঘুম রাত কাটায় প্রায় সবাই। বৃহস্পতিবার বেলা ১১টায় মারজিয়ার সাথে ওর শ্বশুর বাড়ি আমার আরেক মেয়ে লামিয়া, আমার মা রাশিদা বেগম ও শাশুড়ি আনোয়ারা বেগম মাইক্রোবাসে রওয়ানা হয়। কিন্তু একি হলো, আমার আর কেউ রইলো না।’

সালাম মোড়ল আরও বলেন, ‘আজ বিকেলে (গতকাল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইলে দুর্ঘটনার কথা জানানো হয়। খবর পেয়ে ছুটে আসি। রওয়ানা দেওয়ার সময় আমি কিছুই জানতে পারিনি। এসে দেখি সব শেষ। ‘আমার আর কেউ থাকলো না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও।’

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

বাগেরহাটের খুলনা–মোংলা মহাসড়কে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস এবং যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই আনন্দের পরিবেশ শোকের মাতমে পরিণত হয়। একই পরিবারের একাধিক সদস্যসহ অনেকেই প্রাণ হারানোয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে। সেখানে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। পরে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি তার ছোট ছেলে সাব্বিরের বিয়ে দিয়ে নববধূকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে। অনুষ্ঠান শেষে নবদম্পতি এবং পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে মোংলায় ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে নববধূসহ পরিবারের বহু সদস্য নিহত হওয়ায় পুরো পরিবার শোকস্তব্ধ হয়ে পড়েছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক, তার ছেলে সাব্বির, নববধূ মারজিয়া আক্তার মিতু, মিতুর নানী আনোয়ারা বেগম, রাজ্জাকের মেয়ে লামিয়া, রাজ্জাকের স্ত্রী আঞ্জুমারা বেগম, রাজ্জাকের আরেক ছেলের স্ত্রী পুতুল এবং পুতুলের ছেলে আলিফ। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন রাজ্জাকের আরেক মেয়ে ঐশি, ঐশির স্বামী সামিউল, ইরান, ইব্রাহিম সানি, মাইক্রোবাস চালক নাঈম এবং একজন অজ্ঞাত ব্যক্তি। নিহতদের অনেকেই একই পরিবারের সদস্য হওয়ায় ঘটনাটি আরও হৃদয়বিদারক হয়ে উঠেছে।

দুর্ঘটনার বিষয়ে কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের দুই শিশুসহ সাতজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।

গুরুতর আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহনাজ মোশাররফ জানান, প্রথমে একই পরিবারের সাতজনের মৃতদেহ হাসপাতালে আনা হয়। তার ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন নারী, এক বছরের নিচে দুই শিশু, ১৩ বছরের এক শিশু এবং দুইজন পুরুষ ছিলেন। মোট ৯টি মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

অন্যদিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজেশ জানান, তাদের হাসপাতালে আরও চারটি মৃতদেহ রাখা হয়েছে।বিয়ের আনন্দযাত্রা থেকে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকা শোকাহত হয়ে পড়েছে। একই পরিবারের বহু সদস্যের মৃত্যু স্থানীয়দেরও গভীরভাবে নাড়া দিয়েছে।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ ১৩ মার্চ (শুক্রবার) শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে প্রাণ হারান।

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় প্রাণ হারান তারা হলেন- আরনাজ রিফাত রূপা, মো. মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান, মো. তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।

সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় এতিমদের সঙ্গে ইফতার ও নৈশভোজ।

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আবারও চালু হতে যাচ্ছে।

এই রুটটি আগামী ১ জুলাই থেকে পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম।

তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সদয় নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১ জুলাই থেকে পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে অবহিত করা হবে।