নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহার আনন্দ ও সম্প্রীতি ভাগাভাগি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগর বিএনপি ও মহানগরের ৩০টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে দিনব্যাপী ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া।
বরিশাল নগরীর রুপাতলীস্থ জাফরান রেস্টুরেন্টে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। দিনব্যাপী চলা এ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতাকর্মীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এতে ঈদের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, বিএনপির মাননীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর রাখার নির্দেশনা দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, দলের প্রতিটি নেতাকর্মীই বিএনপির প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্য ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
এসময় উপস্থিত নেতাকর্মীরা জানান, এমন ব্যতিক্রমী ও বৃহৎ পরিসরের ঈদ শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়ন আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তৃণমূল কর্মীদের প্রতি আন্তরিকতা ও সম্পৃক্ততার কারণে জিয়াউদ্দিন সিকদার জিয়া ইতোমধ্যে কর্মীবান্ধব নেতা হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে বরিশালের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মতে, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও সাংগঠনিক বন্ধন মজবুত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে শুধু নেতাকর্মীদেরই নন, দিনব্যাপী এ আয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল অসহায় হাজারো মানুষও। সবমিলিয়ে আয়োজনের মধ্য দিয়ে এক মানবিকতা ও অন্যদিকে একজন কর্মীবান্ধব নেতার পরিচয় দেন জিয়াউদ্দিন সিকদার।


