রুপাতলীতে অন্যের জমিতে অবৈধ বসতঘর, স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়ে লাপাত্তা বৃদ্ধ আইয়ুব!
অনলাইন ডেস্ক
বরিশাল নগরীর রুপাতলী ২৫ নম্বর ওয়ার্ডের গাউছিয়া সড়কের মোল্লা বাড়ি এলাকায় অন্যের জমিতে বসতঘর নির্মাণ করে বসবাস এবং জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করার অভিযোগ উঠেছে আইয়ুব আলী মোল্লার বিরুদ্ধে। জমির মালিকের অভিযোগ, থানা পুলিশের উপস্থিতিতে জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা জানালেও পরবর্তীতে তিনি যোগাযোগ এড়িয়ে লাপাত্তা রয়েছেন।
অভিযোগকারী মোঃ ফখরুল ইসলাম ও সাইয়েদা মাহবুব। ফখরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রুপাতলী মৌজার জেএল নম্বর-৫৬, এসএ দাগ নম্বর-২০৮-এর ১৩ শতাংশ জমি ১০৫৮৯ নম্বর সাফ কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন ফখরুল ইসলাম ও সাইয়েদা মাহবুব। পরবর্তীতে নামজারি সম্পন্ন করে সংশ্লিষ্ট খতিয়ান খুলে জমিটি ভোগদখলে রয়েছেন বলে দাবি করেন তারা।
তবে ওই জমির কিছু অংশে প্রতিবেশী মৃত মোঃ মজিদ মোল্লার ওয়ারিশদের বসতঘর ও স্থাপনা রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের একপর্যায়ে জমিতে দেওয়া বাউন্ডারি রাতের আঁধারে ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ফখরুল ইসলাম।
ফখরুল ইসলামের দাবি, জমির বিরোধ নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পর অভিযুক্তদের মধ্যে মানিক মোল্লা ও তার ওয়ারিশরা জমির কাগজপত্র ও মালিকানা সংক্রান্ত বিষয় অবগত হয়ে ১৩ শতাংশ জমির মধ্যে তাদের কোনো জমি নেই বলে বুঝতে পেরে বিরোধপূর্ণ জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার বিষয়ে সম্মতি জানান।
অন্যদিকে, আইয়ুব আলী মোল্লাকে একাধিকবার জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তিনি বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেন ফখরুল। এমনকি থানা পুলিশের ডাকে উপস্থিত হয়ে বিরোধপূর্ণ জমি থেকে নিজের স্থাপনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি যোগাযোগ এড়িয়ে লাপাত্তা হয়ে যান বলে অভিযোগকারীর দাবি।
আইনজীবীর মতামতে জমির মালিকানা ও বিক্রির হিসাব তুলে ধরা হয়েছে
জমির মালিকানা, পূর্ববর্তী বণ্টন, নামজারি ও দলিল সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে আইনগত মতামত দিয়েছেন আইনজীবী মোঃ আজাদ রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বরিশাল জজ কোর্টের আইনজীবী।
তার লিখিত আইনগত মতামতে উল্লেখ করা হয়েছে, বরিশাল সদর উপজেলার রুপাতলী মৌজার এসএ ১০০৩ নম্বর খতিয়ানের মোট ৬০ একর ভূমি নিয়ে বরিশাল অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালতে দেং ৪৬/২০০৪ নম্বর মোকদ্দমা দায়ের করা হয়। ওই মামলায় ২০০৫ সালের ৩০ জুন আদালত বাদীর অনুকূলে ১৮ একর ভূমির বণ্টন ডিক্রি প্রদান করেন এবং ১১ নম্বর বিবাদীর অনুকূলে ১৩ একর ভূমির পৃথক ছাহাম প্রদান করেন।
আইনজীবীর মতামত অনুযায়ী, আদালতের ওই বণ্টন ডিক্রির মাধ্যমে কুলছুম বিবি ১৩ একর ভূমির পৃথক ছাহাম পাওয়ার পর বরিশাল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ২০১৭-১৮ সালের ৪২২৬ (২) কেটি নম্বর নামজারি ও জমা খারিজ মামলার আদেশ অনুযায়ী ২০১৭ সালের ৭ ডিসেম্বর ১৪৩৬৫ নম্বর নতুন খতিয়ান সৃষ্টি করেন। পরবর্তীতে বর্তমান বিএস জরিপে ডিপি ২৪৫০ নম্বর খতিয়ান খোলা হয় এবং রেকর্ড সংশোধন ও খাজনা পরিশোধের মাধ্যমে তিনি ওই ভূমির মালিক ও ভোগদখলকারী হিসেবে অবস্থান করেন।
মতামতে আরও উল্লেখ করা হয়েছে, কুলছুম বিবি ২০২০ সালের ২৬ নভেম্বর ১০৫৮৯ নম্বর রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিলের মাধ্যমে মোঃ ফখরুল ইসলাম ও সাইয়েদা মাহবুবের কাছে ১৩ একর ভূমি বিক্রি করে দখল বুঝিয়ে দেন। পরবর্তীতে ক্রেতারা বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ৯৯৩৮ (IX-I)/২০২০-২১ নম্বর নামজারি মামলার আদেশ অনুযায়ী ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি ১৭১৭২ নম্বর খতিয়ান সৃষ্টি করে ভূমি ভোগদখলে রয়েছেন বলে মতামতে উল্লেখ করা হয়েছে।
আইনজীবীর হিসাব অনুযায়ী, আদালতের বণ্টন ডিক্রির পর মজিদ মোল্লার ৬.৭৫ একর ভূমি অবশিষ্ট থাকার কথা। কিন্তু তার ওয়ারিশরা বিভিন্ন সময়ে একাধিক দলিলের মাধ্যমে জমি বিক্রি করেন। মতামতে উল্লেখ করা দলিলগুলো হলো—১৯৯৮ সালের ৮ ফেব্রুয়ারি ৬৪১ নম্বর দলিলে ০.৫০ একর, ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর ৫৮৬৯ নম্বর দলিলে ২.৭৫ একর, ২০০১ সালের ১২ মার্চ ১২৭৬ নম্বর দলিলে ৪.২৫ একর, ২০২১ সালের ১৪ ডিসেম্বর ১৮৬১ নম্বর দলিলে ১ একর এবং ১৯৯৯ সালের ১৪ জানুয়ারি ২৮২ নম্বর দলিলে ১.৭৫ একর ভূমি বিক্রি করা হয়েছে বলে মতামতে উল্লেখ রয়েছে।
আইনজীবীর হিসাব অনুযায়ী, এসব পাঁচটি দলিলে মোট ১০.২৫ একর ভূমি বিক্রি করা হয়েছে, যা মজিদ মোল্লার ওয়ারিশদের প্রাপ্ত ৬.৭৫ একর ভূমির চেয়ে ৩.৫০ একর বেশি। লিখিত মতামতে এ হিসাবের ভিত্তিতে বলা হয়েছে, মজিদ মোল্লার ওয়ারিশরা তাদের প্রাপ্য জমির অতিরিক্ত ভূমি বিক্রি করেছেন এবং বর্তমানে তারা যে জমির ওপর বসবাস করছেন, তা তাদের প্রাপ্য জমির মধ্যে পড়ে না বলে আইনগতভাবে প্রতীয়মান হয়। ওই ভূমি ফখরুল ইসলাম ও সাইয়েদা মাহবুবের রেকর্ডীয় সম্পত্তি বলেও মতামতে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মোঃ আজাদ রহমান তার লিখিত মতামতের উপসংহারে উল্লেখ করেন, সংশ্লিষ্ট ভূমিতে মজিদ মোল্লার ওয়ারিশদের বসবাস আইনগতভাবে বৈধ নয় এবং তারা ওই ভূমিতে বেআইনিভাবে বসবাস করছেন বলে তার কাছে উপস্থাপিত দলিল ও তথ্যের ভিত্তিতে প্রতীয়মান হয়েছে।
এ ঘটনায় জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অন্যের জমিতে থাকা স্থাপনা সরিয়ে নেওয়া এবং জমির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ফখরুল ইসলাম। এদিকে থানা পুলিশ জানান, অভিযোগের প্রেক্ষিতে থানায় অন্য অভিযুক্তরা আসলেও বৃদ্ধ আইয়ুব দীর্ঘদিন পর এসে নিজের স্থাপনা অন্যের যায়গায় স্বীকার করে শীগ্রই অন্যত্র সরিয়ে নেয়ার জন্য সম্মতি প্রকাশ করেছিল।
এদিকে এবিষয়ে জানতে আইয়ুব আলী মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


