নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ন্যায় বরিশালেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দীকি।
পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে-বরিশাল জিলা স্কুল, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ব্রজমোহন বিদ্যালয়, আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ এবং কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে তিনি পরীক্ষা কার্যক্রম, কেন্দ্রের শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও নকল প্রতিরোধ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, সুষ্ঠু, নকলমুক্ত ও নির্ভরযোগ্য পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি এবং আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


