TT Ads

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ইঞ্জিন সংকটের কারণে ময়মনসিংহে বন্ধ হয়ে পড়েছে কয়েকটি লোকাল ট্রেনের চলাচল। ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ ও ময়মনসিংহ থেকে ভৈরব রুটে ওই ট্রেনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এসব ট্রেন চালুর দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা।

এই পরিস্থিতিতে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইঞ্জিন সংকটের কারণে চালু করা যাচ্ছে না দুটি লোকাল ট্রেন।

স্থানীয় বাসিন্দারা জানান, লোকাল ট্রেনগুলোতে মধ্যবিত্ত শ্রেণি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করে থাকে। করোনার সময় থেকে ময়মনসিংহ থেকে ভৈরব রুটে লোকাল ট্রেনগুলো বন্ধ হয়ে যায়। ২০২৫ সালের ৩১ মে থেকে বন্ধ আছে মোহনগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচলকারী ট্রেনটি।

ময়মনসিংহ রেলস্টেশন সূত্রে জানা গেছে, রেলপথে ময়মনসিংহ থেকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্টেশন রেলপথের দূরত্ব ৬৮ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে মোহনগঞ্জ-ঢাকা পথে হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামের দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়া একটি লোকাল ও একটি কমিউটার ট্রেনও চালু ছিল। লোকাল ডাউন ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ স্টেশন থেকে যথাক্রমে ভোর ৫টা ৪০ এবং বেলা ২টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে যেতো।

অন্যদিকে ময়মনসিংহের উদ্দেশে প্রতিদিন সকাল সাড়ে ৮টা ও বিকেল সাড়ে ৫টায় মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যেতো।

রেলওয়ে সূত্র জানায়, লোকাল ট্রেনটি ইঞ্জিন সমস্যা হওয়ায় চলাচল বন্ধ আছে। ইঞ্জিনটি মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। ইঞ্জিন মেরামত শেষ হলে আবার চালু হবে। তবে কবে নাগাদ ইঞ্জিন মেরামত শেষ হবে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। অন্যদিকে ময়মনসিংহ-ভৈরব রেলপথে চলাচল করা লোকাল ট্রেনগুলো কয়েক বছর ধরে বন্ধ আছে। রেলপথে চলাচলকারী যাত্রীরা একইভাবে দুর্ভোগে পড়েছেন। বন্ধ ট্রেনগুলো চালুর দাবিতে বিভিন্ন স্টেশনে মানববন্ধন ও সমাবেশ করেছে যাত্রীরা।

ময়মনসিংহ স্টেশনের সুপারিন্টেনডেন্ট বলেন, ইঞ্জিন সংকটের কারণে মোহনগঞ্জ ও ভৈরব লাইনের লোকাল ট্রেনগুলো বন্ধ আছে। ইঞ্জিন পেলে আবার ট্রেনগুলো চালু করতে পারবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *