TT Ads

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিসিসি নির্বাচনে কে হতে যাচ্ছেন মেয়র,এমন আলোচনা এখন চায়ের টেবিল থেকে স্থানীয় নেতাদের ড্রয়িং রুম পর্যন্ত।
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার পুরো দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় সিটি নির্বাচন। আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে দেশের সিটি কর্পোরেশন এলাকায় আলোচনা-সমালোচনায় ভরপুর হয়ে উঠেছে। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) অঞ্চলও এর থেকে বাদ পড়েনি। বরিশাল নগরজুড়ে চলছে এই আলোচনা, কে পাচ্ছেন বিসিসির মেয়র পদে দলীয় মনোনয়ন। আসন্ন মেয়র নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ভবিষ্যৎ কান্ডারী কে হতে যাচ্ছেন? বরিশালের মিডিয়াপ্রাণে বেশ কজন বিএনপি নেতার নাম উচ্চারিত হচ্ছে বেশ জোরেশোরে। তবে বরিশাল সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের পছন্দের তালিকায় আলোচনায় আসতে শুরু করেছেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে যে, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি বড় অংশ যুবদল নেতা মাসুদ হাসান মামুনকে মেয়র পদে ‘চমক’ হিসেবে দেখতে চায়।

মাসুদ হাসান মামুন শুধু কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদকই নন, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি এর পূর্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে থেকেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বরিশাল জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদেও তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। মাসুদ হাসান মামুন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সততা ও দক্ষতার সাথে বিভিন্ন সময়ে কেন্দ্র ঘোষিত বিএনপির আন্দোলন সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে রাজপথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিগত সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নেতাকর্মীরা একতাবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর বিপুল ভোটে বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্থানীয় পর্যায়ে যুবদল নেতা মাসুদ হাসান মামুন বেশ জনপ্রিয় এবং তৃণমূলের কর্মীদের সঙ্গেও তার সুসংগত যোগাযোগ রয়েছে। এই জনপ্রিয়তার কারণেই বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটি বড় অংশ তাকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন। বরিশালে তৃণমূল বিএনপির একাধিক নেতাকর্মী জানান, বরিশাল বিএনপির রাজনীতিতে মাসুদ হাসান মামুন একটি নিবেদিত প্রাণ। তিনি যুব রাজনীতির অহঙ্কার এবং রাজপথের সংগ্রামী-লড়াকু সৈনিক হিসেবে পরিচিত, বিগত সরকারের শাসনামলে তিনি জেল-জরিমানা, হামলা-মামলার শিকার হয়েছেন। যুবদল নেতা মামুন বরিশালের সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় একটি নাম। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার নেতৃত্বে বৃদ্ধ, যুবক এবং তরুণেরা মিলে বরিশালে বিএনপির রাজনীতিকে অলংকৃত করেছে। তৃণমূলের নেতাকর্মীরা দেশনায়ক, তরুণের অহঙ্কার বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট বরিশাল সিটি নির্বাচনের মেয়র পদে ত্যাগী নেতা মাসুদ হাসান মামুনকে বরিশালবাসীর পক্ষ থেকে চমক হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন। সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর থেকেই বরিশালের রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, যে বিগত দিনে দলের সিদ্ধান্তের প্রতি অনুগত, রাজপথে দলের আন্দোলন সংগ্রামে সম্মুখভাগে নেতৃত্বে থেকে দায়িত্ব পালনকারী নেতাদের মধ্য থেকে নতুন মুখ নির্বাচনে আনা হতে পারে। তবে বর্তমানে মামুনের মতো রাজপথে সক্রিয় যুবদল নেতার নাম আসন্ন বিসিসি নির্বাচনে আলোচনায় আসাটা ইতিবাচক হিসেবে গণ্য করছেন স্থানীয় নেতা-কর্মীরা। তবে যুবদল নেতা মাসুদ হাসান মামুন জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক ও তরুণের অহঙ্কার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জনে সক্ষম হয়। তার নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়া হবে। তাই দেশনায়ক তারেক রহমান যোগ্য ব্যক্তিকেই যোগ্য স্থানে বসাবেন। তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা একসাথে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *