অনলাইন ডেষ্কঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা উপজেলার কৃষক আশ্রব আলী হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত-এর বিশেষ দায়রা জজ ফারাহানা ফেরসৌদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জ্বল মিয়া (৩২)। তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব আলী (৬৪), স্বরুপা খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত সবাই উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, জমি–সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি ভোরে প্রতিবেশী কৃষক আশ্রব আলী-কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১৯ জানুয়ারি নিহতের ছেলে মো. জুলহাস উদ্দিন ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০১৭ সালের ১৬ আগস্ট আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মো. আকরাম হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী জুলহাস উদ্দিন বলেন, দীর্ঘদিন পর তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। তবে রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি সোহরাব আলীর ছোট ভাই রেজাউল করিম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন বলেন, জমি–বিরোধের জেরে কৃষককে হত্যা করা হয়েছিল। আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।


