TT Ads

নিজস্ব প্রতিবেদক

জুনিয়র বৃত্তি পরীক্ষা (৮ম শ্রেণি)-২০২৫ এ বরিশাল জিলা স্কুল চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি লাভ করেছে, যার মধ্যে ৫৬ জন ট্যালেন্টপুলে স্থান অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সবমিলিয়ে বৃত্তি প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৯৮ শতাংশ-যা জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত।

এ অসাধারণ সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম-কে। তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য নেওয়া হয় বিশেষ প্রস্তুতি কর্মসূচি, নিয়মিত মডেল টেস্ট, ম নিবিড় মনিটরিং ব্যবস্থা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। এর ফলশ্রুতিতেই এ নজিরবিহীন সাফল্য।

প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এ অর্জন আল্লাহর অশেষ রহমত। আমাদের শিক্ষকবৃন্দের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের মূল ভিত্তি। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

বিদ্যালয় পরিবারের এ গৌরবোজ্জ্বল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *