TT Ads

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকার ৯টি স্থানের বায়ুমান ‘বিপজ্জনক’ বা ‘মারাত্মক অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

বিশেষ করে হাজারীবাগ এলাকায় বায়ুমান সূচক ৮০০ ছাড়িয়ে যাওয়ায় সেখানকার পরিস্থিতিকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাধারণত কোনো এলাকার বায়ুমান সূচক ৩০০-এর বেশি হলে তাকে স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ ধরা হয়। আজ ঢাকার ৯টি নির্দিষ্ট এলাকায় এই সীমা বহুগুণ অতিক্রম করেছে।

আইকিউএয়ার-এর এলাকাভিত্তিক বায়ুমানের বর্তমান চিত্রে উঠে এসেছে, সকাল ১১টায় রাজধানীর হাজারীবাগের মান ছিল ৮০৮ (সর্বোচ্চ দূষিত), মগবাজার ভদ্র গলি ৬৬২, ধানমন্ডির ৭ নম্বর রোডে ৫৫৮, উত্তরা সেক্টর-১৮-এ ৫৪৩, ইস্টার্ন হাউজিংয়ে ৪৫১, উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ ৪৪২, পল্লবী (দক্ষিণ) ৩৯০, গুলশান লেক পার্ক ৩৮১ ও বারিধারা পার্কে ৩৬৪।

পুরো ঢাকা শহরের গড় বায়ুমান আজ ২৭১, যা বৈশ্বিক তালিকায় দূষিত শহরগুলোর মধ্যে ঢাকাকে দ্বিতীয় অবস্থানে রেখেছে। ৩২৮ সূচক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

গত সোমবার দীর্ঘ ১১৪ দিন পর ঢাকায় ২.৬ মিলিমিটার বৃষ্টিপাত হলেও বায়ুমানের কোনো স্থায়ী উন্নতি হয়নি।

পরিবেশবিদদের মতে, বৃষ্টির পরিমাণ খুব কম হওয়ায় তা বাতাসের ধূলিকণা সরাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বৃষ্টির পরপরই ঢাকা পুনরায় দূষণের শীর্ষে ফিরে আসা অত্যন্ত উদ্বেগের বিষয়।

বায়ুদূষণের এই চরম অবস্থায় আইকিউএয়ার নাগরিকদের জন্য জরুরি পরামর্শ জারি করেছে। বর্তমানে ঢাকার বাতাসে শ্বাস নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে।

যেমন:- ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বাইরের খোলা স্থানে শরীরচর্চা বা ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে। ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে যাতে দূষিত বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসজুড়ে বায়ুদূষণে ঢাকা বিশ্বের শীর্ষে ছিল। মার্চের শুরুতেও দূষণের এই ধারাবাহিকতা জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *