TT Ads

দ্যা ডেইলি বাংলা নিউজ অনলাইন

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ড্যাবের নেতৃবৃন্দসহ প্রায় আড়াই হাজার চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী অংশ নেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, ‘রংপুর অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি রয়েছে এবং এ বিষয়ে সবাই একমত। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্য যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেশিদিন কাছে পাইনি। ১৯৮১ সালে তিনি কতিপয় বিপথগামী ব্যক্তির হাতে নিহত হন। তাঁর স্বপ্ন ছিল মানুষের দ্বারে দ্বারে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। আজ ড্যাবের সদস্য, চিকিৎসক ও শিক্ষার্থীরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাবে। রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের মাধ্যমে এ অঞ্চলের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, ইনশা আল্লাহ।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং সংগঠনের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। এছাড়া ড্যাবের উপদেষ্টা ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

ইফতার মাহফিলে রংপুর বিভাগের বিভিন্ন জেলা শাখার ড্যাব নেতৃবৃন্দ, চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি রংপুর মেডিকেল কলেজের ছাত্রদলের নেতা–কর্মীরাও অনুষ্ঠানে যোগ দেন। আয়োজকদের তথ্যমতে, প্রায় আড়াই হাজার চিকিৎসক ও অতিথি এ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *