রাজশাহী, ৩০ এপ্রিল ২০২৬ (বাসস): দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেলালের। র্যাব-৫ গতকাল বুধবার রাতে মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে । আজ সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা ১৮ বছর আগের ওয়ারেন্টভুক্ত মামলার আসামি বেলালকে গ্রেফতার করে।
এতে জানানো হয়, ২০০৭ সালে বেলালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হওয়ার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। দীর্ঘ ১৮ বছর নিজের পরিচয় গোপন রাখতে বিভিন্ন সময় ছদ্মবেশ ধারণ করেছেন। সাম্প্রতিক সময়ে বেলাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অবস্থান করছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, নওগাঁ জেলার মান্দা থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।


