TT Ads

ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জেরে দাদিকে হত্যার অভিযোগে নাতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে ফুলপুর থানার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ জসিম উদ্দিন (২৬) একই গ্রামের বাসিন্দা। নিহত আয়েশা বেগম (৭৫) তার দাদি।

পুলিশ জানায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ও অর্থনৈতিক চাপের কারণে দীর্ঘদিন ধরে জসিম উদ্দিন তার দাদির ওপর চাপ সৃষ্টি করছিল। ঘটনার দিন তিনি দাদির কাছে জমি লিখে দেওয়া এবং মাদক কেনার জন্য টাকা দাবি করেন। এতে আয়েশা বেগম অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জসিম ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে দাদির ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করার চেষ্টা করলেও তার হাতে অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে পারেনি। পরে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় জসিম উদ্দিনকে গ্রেফতার করে। এসময় উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রেফতারের পর অভিযুক্তকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *