ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়া এক যুবকের বিরুদ্ধে তাঁর দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে ওই নারী খুন হন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আয়েশা খাতুন (৭০) ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। আটক জসিম উদ্দিন (৩৫) মৃত মহিদুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে দাদি ও নাতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনেক আগেই আয়েশা খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। তাঁর একমাত্র ছেলের সন্তান জসিম। জসিমের জন্মের পর তাঁর বাবা মারা যান। পরে জসিমের মা অন্যত্র বিয়ে করেন। জসিম তাঁর দাদি আয়েশা খাতুনের কাছে ছিলেন। পরে জসিম বিয়ে করে দাদির বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি তৈরি করেন। তাঁর দুই সন্তান আছে। সম্প্রতি পারিবারিক কলহের জেরে জসিমের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। জসিম একাই নিজ বাড়িতে থাকেন। আয়েশা খাতুনের নামে বেশি কিছু জমি আছে, যার কিছু অংশ জসিম চাষাবাদ করেন।
পুলিশ আরো জানায়, আয়েশা খাতুনের এক ভাই আছেন। তাঁর সন্তান আছে। দাদির ভাইয়ের সন্তান জমিতে ভাগ বসাতে পারেন, এমন সন্দেহে দাদিকে জমি লিখে দিতে চাপ দিতেন জসিম। এ নিয়ে দাদি-নাতির মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রাত নয়টার দিকে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জসিম দা দিয়ে আয়েশা খাতুনকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলে আয়েশা খাতুনে মৃত্যু হয়। স্থানীয় লোকজন জসিমকে আটক করে পুলিশে খবর দেন।
ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জসিমকে আটক করা হয় এবং লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


