সিলেট বিভাগে থামছেই না সড়ক দুর্ঘটনার মিছিল। গত ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগের চার জেলায় ২৬টি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। নিহতদের মধ্যে বড় একটি অংশই মোটরসাইকেল চালক ও আরোহী। ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে মোট ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেটে সর্বোচ্চ ১৩টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১০ জন আহত। সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০ জন আহত। মৌলভীবাজারে ৬টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত। এবং হবিগঞ্জে সবচেয়ে কম ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত হলেও আহতের সংখ্যা সর্বোচ্চ ২১ জন।
বিশ্লেষণে দেখা গেছে, গত মাসে সিলেটে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান শিকার হয়েছেন মোটরসাইকেল আরোহীরা। ১২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১০ জন চালক ও আরোহী প্রাণ হারিয়েছেন। এছাড়া ৫টি সিএনজি ও টমটম দুর্ঘটনায় ৭ জন আরোহী নিহত হয়েছেন। ১১টি দুর্ঘটনায় ১১ জন চালক এবং ৬টি দুর্ঘটনায় ৬ জন পথচারী প্রাণ হারিয়েছেন।
নিসচার প্রতিবেদন অনুযায়ী, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ৯ জন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৩ জন এবং গাছ ও খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
নিহত ২৬ জনের মধ্যে লিঙ্গ ও বয়সভেদে ২০ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, দুটি জাতীয় দৈনিক এবং নিসচার শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে অনেক অনুমেয় বা অপ্রকাশিত ঘটনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, বছরের প্রথম মাস জানুয়ারিতে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছিলেন। ফেব্রুয়ারিতে সেই সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে, যা উদ্বেগ বাড়াচ্ছে।


