TT Ads

ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রান্তিক পর্যায়ের কেন্দ্রগুলোতে ছুটে বেড়াচ্ছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তিনি ছয়টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, পরীক্ষা পরিচালনা, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। প্রান্তিক এলাকার কেন্দ্রগুলোতেও যেন মানসম্মত পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় কয়েকটি কেন্দ্রে কিছু সমস্যা চোখে পড়লে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শন করা কেন্দ্রগুলো হলো—সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়, ভরতকাঠি গউছে রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিজি ইউনিয়ন একাডেমি এবং জুলফিকার আলী ভুট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
পরিদর্শনের একপর্যায়ে তিনি কেন্দ্রে উপস্থিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *