TT Ads

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত নেভি মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত এ আধুনিক মেডিকেল কলেজটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। উন্নত অবকাঠামো ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিপিইউপির নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে।

চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক শিক্ষার্থী নিয়ে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস কোর্সের কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরি করার মাধ্যমে এটি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বাড়াবে এবং একই সঙ্গে সাধারণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

কলেজটির লক্ষ্য হলো- এমন চিকিৎসক তৈরি করা, যারা সমাজের সব স্তরে এবং যেকোনো পরিস্থিতিতে কার্যকর চিকিৎসা দিতে সক্ষম হবে। একই সঙ্গে দুর্যোগকালীন চিকিৎসা, সংক্রামক রোগ ব্যবস্থাপনা এবং গবেষণামূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে উপকূলীয় দুর্যোগপ্রবণ অঞ্চলে দক্ষ চিকিৎসক গড়ে তোলার পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে।

প্রতিষ্ঠানটিতে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণিকক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নৌবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে পরিচালিত এই মেডিকেল কলেজ ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথি, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্টজন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *