নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীতে একই রাতে দুটি স্থানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নগরীর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত “বিবি এস ক্যাবেল শো-রুম” থেকে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শো-রুমটি আপাতত সীলগালা করে রেখেছে।
এদিকে, গভীর রাতে নগরীর বান্দরোডের চাঁদমারি এলাকায় অবস্থিত অটোরিকশার ব্যাটারির দোকান “এহসানুল্লাহ এম বিডি ট্রেডার্স”-এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক হাফেজ মোহাম্মদ ফোরকান মাহমুদ রবিন অভিযোগ করেন, চোরচক্র তার দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার ব্যাটারি ও অন্যান্য মালামাল নিয়ে গেছে।
ভুক্তভোগী দুই ব্যবসায়ীই এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানা-এ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আল মামুন-উল ইসলাম জানান, চুরির ঘটনার খবর পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।
নগরীতে ধারাবাহিক চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ বাড়ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি উঠেছে।


