TT Ads

হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর লাশ দেখতে প্যারোলে মুক্তি চেয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি শাহরুখ খান। কিন্তু প্যারোলে মুক্তি না পাওয়ায় ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কারাফটকে বাবার লাশ দেখার সুযোগ দেওয়া হয়। এ ঘটনায় তার স্বজনরা হতাশা প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতা শাহরুখের বাবা আবুল বাশার খান (৫৮) মারা যান। বটতলা টেম্পোস্ট্যান্ডে লাইনম্যানের চাকরি করতেন আবুল বাশার। এর আগে গত শুক্রবার মধ্যরাতে ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডে নিজ বাসা থেকে পুলিশ ওয়ার্ড সভাপতি শাহরুখকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন।

শাহরুখের ভাই সালমান খান জানান, বাবার মৃত্যুর পর কারাগারে থাকা ছোট ভাই শাহরুখের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের দফতরে আবেদন করেছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা তাদের বসিয়ে রাখা হয়। এরপর একজন ম্যাজিস্ট্রেট এসে বলেন, ‘আপনারা কারাগারে যান, আমরা সেখানে বলে দিচ্ছি।’

সালমান অভিযোগ করেন, কারাগারে যাওয়ার পর সেখানকার কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের দফতর থেকে তাদের এ সংক্রান্ত কোনও নির্দেশনা দেওয়া হয়নি। পরে বিকআল পৌনে ৪টায় লাশ অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়া হয়। ৪টার দিকে লাশের সঙ্গে তিন জনকে কারাগারে ঢুকতে দেওয়া হয়। লাশ দেখার জন্য কারা অভ্যন্তরে মাত্র পাঁচ মিনিট লাশ থাকতে দেওয়া হয়। পরে নগরের নিউ সার্কুলার রোডের গাজীবাড়ি মসজিদে বাদ আসর শাহরুখের বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়ি সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের পপুলার এলাকায় সন্ধ্যায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সালমান আরও জানান, তার ছোট ভাই শাহরুখ খানকে ৫ আগস্টের পরে ৮টি মামলায় আসামি করা হয়। এসব মামলায় তিনি গ্রেফতার হন। গ্রেফতারের পর তাকে আরও তিনটি মামলায় আসামি করা হয়।

শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, শাহরুখকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল; কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি।

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা প্যারোলে মুক্তির আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ডিসি স্যার বলেছেন, আসামি শাহরুখের স্বজনদের কারাফটকে লাশ নিয়ে দেখা করানোর ব্যবস্থা করাতে। ডিসি স্যারের কথাটাই স্বজনদের আমি বলেছি।’

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *