অনলাইন ডেষ্কঃ
হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের বয়স চার মাস, অপরজনের বয়স ১৩ মাস।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। যা নিয়ে বর্তমানে মোট চিকিৎসাধীন আছে ১৬৩ জন।
এদের মধ্যে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাসিন্দা ৪ মাস বয়সী হুজাইফা ও বরগুনা জেলার তালতলী উপজেলার ১৩ মাস বয়সী আব্দুল্লাহ মারা গেছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর আগের ২৪ ঘন্টার তথ্য দিয়ে জানিয়েছে, বিভাগে হাম-রুবেলা উপসর্গে আক্রান্ত শনাক্ত তিন হাজারের বেশি চিকিৎসা নিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেয়ার নির্দেশনা রয়েছে। আমরা প্রতিদিন বিভিন্ন অঞ্চলে খোঁজখবর নিচ্ছি। বরিশাল বিভাগে হামের টিকার অভাব নেই। ক্যাম্পেইনেও টিকা প্রদান করা হচ্ছে। তারপরও রোগীর চাপ অনেক থাকায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।


