অনলাইন ডেষ্কঃ
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজ শুক্রবার রাতেই শুরু হচ্ছে হজযাত্রা। রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট। এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, তিনটি সাউদিয়া ও তিনটি ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করবে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এরমধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম। তিনি আরও বলেন, এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক, যে ডিজিটাল আইডেন্টিফিকেশনে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজযাত্রী সেই কার্ড দেশেই পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা নুসুক কার্ড নেবেন হোটেল লবিতে গিয়ে। সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে, মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহন করবে। ২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সাউদিয়ার ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাই শেষ হবে।


