নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) বর্তমানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগ এবং প্রশাসনিক টানাপোড়েনের কারণে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই কর্পোরেশনের ভেতরে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যক্তিস্বার্থ সংশ্লিষ্ট বিরোধ প্রকট আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কিছু কর্মকর্তা-কর্মচারী নিজেদের অবস্থান শক্ত করতে একে অপরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও গণমাধ্যমকে ব্যবহার করছেন। উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশের মাধ্যমে প্রতিপক্ষকে হেয় করা এবং প্রশাসকের কাছে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রশাসনিক কাজের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এই বিরোধের কেন্দ্রে রয়েছেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীও। তার বিরুদ্ধে প্রমাণ ছাড়াই ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগ তুলে নেতিবাচক সংবাদ প্রচারের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আমানতগঞ্জ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে গড়ে ওঠা বড় আকারের গবাদিপশুর খামারের বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব পায়নি, বরং পরিত্যক্ত স্থাপনায় পশু পালনের বিষয়টি একপাক্ষিকভাবে উপস্থাপন করা হয়েছে।
এদিকে, সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর সময়কার বিভিন্ন টেন্ডার ও আর্থিক অনিয়মের তথ্য সংগ্রহের জন্য দুদক ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর কাছে তথ্য চেয়েছিল। তবে ওই প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে বিসিসির হাট-বাজার শাখার সাবেক প্রধান নুরুল ইসলামের নাম ব্যবহার করে ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাও সামনে এসেছে। এ বিষয়ে নুরুল ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেননি; তার নাম ব্যবহার করে কেউ অভিযোগ দিয়েছে।
অন্যদিকে উন্নয়ন কার্যক্রম নিয়েও অসন্তোষের কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালুর জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ৮ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে, তবে এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি গণমাধ্যমে প্রতিফলিত হয়নি।
তিনি আরও জানান, সাবেক প্রশাসনের সময় বড় কোনো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ না থাকলেও বর্তমানে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে
প্রায় ২০ বছরের পুরনো বকেয়া প্রায় ২৬ কোটি টাকা পরিশোধের উদ্যোগ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করে ৭৫০ টাকায় উন্নীতকরণ
স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হাট-বাজার ইজারা থেকে
ট্রেড লাইসেন্স কার্যক্রম অনলাইনে চালু করা
কীর্তনখোলা নদীর তীরবর্তী অসম্পূর্ণ সড়ক নির্মাণ কাজ পুনরায় শুরু
তিনি দাবি করেন, এসব ইতিবাচক কার্যক্রম আড়ালে রেখে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। এমনকি কেউ তার দায়িত্ব নিতে চাইলে তিনি পদ ছাড়তেও প্রস্তুত বলে মন্তব্য করেন।
এ বিষয়ে বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, এগুলো ছোট খাট বিষয়। মিডিয়াই তো সব বিষয়ে গরম করে ফেলে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এ মাসের মধ্যেই চালু হবে। খালি জায়গা পড়েছিল হয়তো তাই সেখানে গবাদিপশু পালন করেছে। এখন চালুর প্রক্রিয়া শুরু হলে আবার সরিয়ে ফেলবেন। এতে দোষ কোথায়! এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রিটমেন্ট প্লান্টটি এ মাসের মধ্যেই চালু হচ্ছে।
এজন্য ৮ কোটি টাকা বরাদ্দ আছে। দু একটা জায়গা লিকেজ আছে। সেগুলো রিপিয়ার করলেই হয়ে যাবে। কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র বা পদ বাগিয়ে নিতে চেষ্টা করে লাভ নাই। নিয়মের বাইরে কিচ্ছু হবে না!


