TT Ads

অনলাইন ডেষ্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদকে। ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. আশিক আহসান বুধবার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, বুধবার রাত ৮টা থেকে জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু হয়েছে।

ডা. আশিক বলেন, “ঢাকা মেডিকেলের দুজন চিকিৎসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রক্টর, চিকিৎসা অনুষদের ডিন ও রমনা থানার ডিসিকে নিয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনে যদি ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “মিটিংয়ে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে চারটি দাবি তুলে ধরেছেন। সেগুলোও বিবেচনা করা হবে বলে আলোচনা হয়েছে।”

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনার পর রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসে। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও দুইজন অতিরিক্ত মহাপরিচালক উপস্থিত ছিলেন। বৈঠকেই তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *