TT Ads

অনলাইন ডেষ্কঃ
খুলনায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজে একটি ভাড়াবাসায় অভিযান চালায় কেএমপি ডিবির একটি দল।

অভিযানকালে ওই বাসার ড্রয়িং রুম থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— রূপক মন্ডল (৩০), অনুপম বর্মন (৩২), মোহিত সরদার (২৮) ও সুমন রায় (২৮)। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার হরিণটানা এলাকায়।

ডিবি জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১৪টি মোবাইল ফোন (অ্যান্ড্রয়েড ও বাটন), একটি এইচপি ল্যাপটপ এবং ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনা ও এতে অংশগ্রহণ করছিল। একই সঙ্গে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ লেনদেনও চালাতো চক্রটি। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর একাধিক ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *