অনলাইন ডেষ্কঃ
স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন করার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে খুলনা চেম্বার অব কমার্সের প্রশাসক ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ৫ এপ্রিল দৈনিক সমকালে ‘খুলনা চেম্বারে সদস্য তালিকায় ভুয়া প্রতিষ্ঠানের ছড়াছড়ি, নিষ্পত্তি ছাড়াই ভোটের তোড়জোড়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদে নির্বাচন উপলক্ষে গত বছর হওয়া নতুন সদস্যদের মধ্যে অনেক প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়ার সরেজমিন চিত্র তুলে ধরা হয়। এ ছাড়া প্রশাসকের পক্ষ থেকে যাচাই করা ১২৫টি আবেদনের মধ্যে ৯০টি ভুয়া পাওয়ার তথ্য তুলে ধরে জানানো হয়, এখনও ৯৪৫টি আবেদন যাচাই ছাড়াই ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
খুলনা চেম্বার অব কমার্সের প্রশাসক ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল বলেন, বাণিজ্য সংগঠন আইন ও বিধি অনুযায়ী নির্বাচনী বোর্ড
গঠন করা হয়েছে। এখন বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।


