TT Ads

অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মাদ শহীদুল্লাহ্ হলের নাইট ক্যান্টিনের খাবারে জীবিত পোকা (ফ্রুট ফ্লাই বা মেলন ফ্লাইয়ের লার্ভা) পাওয়া গেছে। রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে চিকেন চাপের অর্ডার করা প্রতিটি প্লেটেই সাদা পোকা কিলবিল করতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের অন্তত চারজন শিক্ষার্থী অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ করেছেন।

ভুক্তভোগীদের শহীদুল্লাহ্ হলের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ওয়াহিদ অভিযোগ করে বলেন, এর আগে তিনবার অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়। তারপর হল সংসদে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে আরও ছিলেন ২০২০-২১ সেশনের ২ জন শিক্ষার্থী নাইমুর রহমান ইমন ও নাজমুস সাকিব আদিব। এছাড়াও ঐ হলের আরেকজন ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী নিলয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভুক্তভোগী।

পোকা থাকা বিষয়টি স্বীকার করে নাইট ক্যান্টিন ম্যানেজার মো সুফল বলেন, ‘চিকেন চাপের সাথে যে শসার কুচি পরিবেশন করে তা দুপুরে কাটা হয়েছে। কাটার পরে অনেক ছোট ছোট পোকা, সব সাদা তাই বোঝা যাচ্ছে না, এটা মিশে গেছে।’

হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক ইমরান তুষার জানান, ‘ঐ ক্যান্টিনের বিরুদ্ধে আজই ব্যবস্থা নেওয়া হবে।’

হল প্রভোস্ট অধ্যাপক ড. মো আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ওই ক্যান্টিন পরীক্ষামূলকভাবে চালু করা হলেও হল প্রশাসনের সাথে তারা চুক্তিবদ্ধ।’

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *