অনলাইন ডেষ্কঃ
রাজধানী ঢাকায় আকাশ আজ আংশিক মেঘলা থেকে কখনও অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


