TT Ads

অনলাইন ডেষ্কঃ
ঢাকার অপরাধ জগতে নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে কলম সদৃশ ছোট আকারের মারণাস্ত্র ‘পেন গান’। বহন সহজ এবং গোপনে রাখার সুবিধার কারণে এটি অপরাধীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের একটি দল গত ৩ এপ্রিল পুরান ঢাকায় যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনায় জড়িত সন্দেহে সোহেল ওরফে কাল্লু এবং সায়মন নামে দুজনকে গ্রেপ্তার করে। কাল্লুর কাছ থেকে রাসেলকে গুলি করতে ব্যবহৃত ‘পেন গান’ উদ্ধার করা হয়।

ডিবি যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম জানান, ‘অস্ত্রটি সাধারণ নয়। এটি কলম সদৃশ একটি ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র, যা আগে দেশে ব্যবহৃত হওয়ার রেকর্ড নেই। আমরা এর উৎস এবং দেশের অন্য কোথাও ব্যবহৃত হয়েছে কি না তা খুঁজছি।’

ঘটনার সূত্রে জানা যায়, ৩ এপ্রিল বিকেলে রাসেলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গুলি করা হয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদী, রাসেলের ভাই ফয়সাল হোসেন বলেন, ‘ঘাতকরা প্রথমেই হাসপাতালে নিয়েছে, পরে পুলিশকে খবর না দেওয়ার জন্য অন্য হাসপাতালে নিয়ে যায়।’

গোয়েন্দা পুলিশের অনুসন্ধান অনুযায়ী, অস্ত্রটি একটি সিগারেটের প্যাকেটে লুকানো ছিল। প্রাথমিক ধারণা, এটি ভারত বা পাকিস্তান থেকে চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করেছে। গ্রেপ্তার সোহেল জানান, তিনি অস্ত্রটি ৮০ হাজার টাকায় ক্রয় করেছিলেন এবং বিক্রির সময় সায়মন আরও লাভের উদ্দেশ্যে তা রাসেলের কাছে বিক্রি করতে চেয়েছিলেন।

‘পেন গান’ মূলত ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র। সাধারণ কলমের মতো হলেও এর ভেতরে রয়েছে ছোট আকারের ফায়ারিং মেকানিজম। স্বল্প দূরত্বে গুলি করার জন্য ব্যবহৃত এই অস্ত্র সহজেই পকেট বা ব্যাগে রাখা যায় এবং তল্লাশির সময় চোখ এড়িয়ে যেতে পারে।

ডিবি জানিয়েছে, অস্ত্রটির উৎস, ব্যবহারকারি এবং এর চোরাচালানের পথ উদ্ঘাটনের জন্য একাধিক টিম কাজ করছে। যদিও সংখ্যায় এখনো সীমিত, তবে এর ব্যবহার অপরাধে বাড়ার সম্ভাবনা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সতর্কতার কারণ হিসেবে দেখা দিয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *