নিজেস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩১তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক নেতা ও বর্তমানে দলটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তবে ব্যক্তিগত বা দলীয় বিবেচনায় নয়, বরং যোগ্যতা ও মেধাকেই প্রাধান্য দিতে চান তিনি।
চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। একইসঙ্গে ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি।
আলাপচারিতায় তিনি আরও বলেন, দলীয় বিবেচনায় নিয়োগ নিয়ে সমালোচনা থাকাটা অস্বাভাবিক নয়। তবে দলের ঊর্ধ্বে উঠে যোগ্যতা ও মেধাকেই প্রধান্য দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ওবায়দুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের ধরন বদলে গবেষণাধর্মী করার চেষ্টা করবেন। এ জন্য ফান্ড বাড়াতে অ্যালামনাই-ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্কও জোরদার করতে চান।
উপাচার্যের দলীয় পরিচয়ের কারণে হলে হলে গেস্টরুম, র্যাগিং বা নির্যাতনের সংস্কৃতি ফিরে আসবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি আশ্বাস দেন, ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখার।
উপাচার্য আরও বলেন, বিদেশি শিক্ষক-শিক্ষার্থী বাড়ানো এবং র্যাংকিংয়ের সূচক উন্নয়নে কাজ করা হবে।


